২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের সান্ত্বনার জয়

সেমিফাইনালে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে পড়া ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স অবশেষে জয় পেয়েছে আইপিএল-এ। বুধবার ১২৬ রানের মামুলি সংগ্রহ গড়েও তারা ১৪ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। দ্বাদশ ম্যাচে ব্যাঙ্গালোরের এটা মাত্র তৃতীয় জয়। অন্যদিকে সমান ম্যাচে পঞ্চম বারের মতো পরাজিত হওয়ায় শেষ চারে ওঠার আশা ধাক্কা খেয়েছে চেন্নাইয়ের। যদিও ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 06:16 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

চেন্নাই, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনালে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে পড়া ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স অবশেষে জয় পেয়েছে আইপিএল-এ। বুধবার ১২৬ রানের মামুলি সংগ্রহ গড়েও তারা ১৪ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। দ্বাদশ ম্যাচে ব্যাঙ্গালোরের এটা মাত্র তৃতীয় জয়। অন্যদিকে সমান ম্যাচে পঞ্চম বারের মতো পরাজিত হওয়ায় শেষ চারে ওঠার আশা ধাক্কা খেয়েছে চেন্নাইয়ের। যদিও ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে তারা। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের ৬০ রানের ভালো সূচনা এনে দেন পার্থিব প্যাটেল ও স্টিভেন ফ্লেমিং। ২৪ রান করা প্যাটেলের রিটার্ন ক্যাচ নিয়ে অনিল কুম্বলে ব্যাঙ্গালোরকে ব্রেক থ্রু এনে দেয়ার পর তিন নম্বরে নামা মহেন্দ্র ধোনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৪ রান করে বিনয় কুমারের বলে কুম্বলেকে ক্যাচ দিয়েছেন চেন্নাই অধিনায়ক। চেন্নাইয়ের স্কোর তখন ২ উইকেটে ৬৫। আর ২০ রান যোগ হওয়ার পর ফ্লেমিংও (৪০ বলে ৪৫) আউট। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের উইকেটটাও কুম্বলের। সেই ওভারেই বদ্রিনাথকেও (১) এলবিডব্লুর ফাঁদে ফেলে চেন্নাইয়ের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দেন টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৮৭ রানে চতুর্থ উইকেট হারানো চেন্নাইয়ের শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৪০ রানের। ডেল স্টেইন এক ওভারে অ্যালবি মরকেল (১) ও বিদ্যুতকে (০) ফিরিয়ে দিয়ে লক্ষ্যটা আরো কঠিন করে দেন স্বাগতিকদের। সুরেশ রায়না ২১ রানে অপরাজিত থাকলেও ৮ উইকেটে ১১২ রানের বেশি করতে পারেনি চেন্নাই। ১৪ রানে ৩ উইকেট নেয়া কুম্বলে ব্যাঙ্গালোরের সেরা বোলার। ম্যাচের সেরাও তিনি। স্টেইন নিয়েছেন ২ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। চেন্নাই সুপার কিংসের বোলারদের নিখুঁত লাইন-লেন্থের বোলিংয়ে দলীয় ফিফটিতে পৌঁছাতে ৭০ বল লেগেছে ব্যাঙ্গালোরের। সেজন্য চেন্নাইয়ের নতুন বলের বোলার মানপ্রীত গোনির দায়ই সবচেয়ে বেশি। টানা ৪ ওভার বল করে মাত্র ১১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন গোনি। তার সঙ্গে মরকেলও (৪/৩২) জ্বলে ওঠায় ৮ উইকেটে ১২৬ রান করতে পেরেছে ব্যাঙ্গালোর। ৩৯ বলে ৪৭ রান করা অধিনায়ক রাহুল দ্রাবিড় তাদের সর্বোচ্চ সংগ্রাহক। ১১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে প্রবীন কুমারের ব্যাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১১ঘ.