ঢাকা, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিমান নিজেই নিজের ভাগ্য বঞ্চনার কারণ! আবাহনী ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে তারা। অন্যদিকে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে দুর্বার হয়ে ওঠা আবাহনী ভাগ্যটা তাদের নিজেদের হাতেই রেখে দিয়েছে। বুধবার বিকেএসপিতে সূর্যতরুণকে হারালেই প্রিমিয়ার লিগে তারা টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন।
সেক্ষেত্রে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়েও কোনো লাভ হবে না বিমানের। কারণ নেট রানরেটে অনেক এগিয়ে আবাহনী। অবশ্য পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে 'হেড টু হেড' হিসাব করাই নিয়ম। কিন্তু প্রথম পর্বে বিমান ও সুপার লিগে আবাহনী একে অন্যের বিপক্ষে জেতায় দু'দলই এখানে সমানে-সমান।
সুবিধাজনক অবস্থানে থাকা আবাহনী তাই অনেকটা নির্ভার থেকেই শেষ ম্যাচে নামতে পারছে। তাদের অধিনায়ক তুষার ইমরানও বললেন সে কথা, "বিশেষ করে গত দুটো বিগম্যাচে আমরা আমাদের কাজ ঠিকমতো করেছি। এজন্য শিরোপার খুব কাছাকাছি চলে এসে আত্মবিশ্বাসও বেড়েছে। নেট রানরেটে খুব ভালো অবস্থায় আছি বলে শেষ ম্যাচের আগে বাড়তি কোনো টেনশনও নেই।" তাদের শেষ ম্যাচের ভেন্যু বিকেএসপির উইকেটে রান বেশি হয়। এ কারণে শেষ ম্যাচের একাদশে একজন বোলার কমিয়ে ব্যাটসম্যান বাড়ানোর চিন্তা আছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে আবাহনীকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করার সূবর্ণ সুযোগ হারানো বিমানও একাদশে পরিবর্তন আনছে। নাফিস ইকবালের ইনজুরির কারণে এই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন গত কয়েকটা ম্যাচ বাইরে বসে দেখা জাভেদ ওমর। তবে চ্যাম্পিয়ন হওয়ার আশা তারা ছেড়ে দিয়েছেন বলেই মনে হলো তাদের অধিনায়ক সানোয়ার হোসেনের কথায়, "এখন সবকিছূ আমরা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। নেট রানরেটে আবাহনী বেশ এগিয়ে। আমরা শুধু শেষ ম্যাচটায় জিততে পারি। এখন আবাহনী না হারলে তো কিছু করার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৯২৩ ঘ.
bdnews24