জয়পুর, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এর সবচেয়ে কম দামী দল হয়েও পয়েন্ট তালিকার শীর্ষে তারা। সন্দেহ নেই আইপিএল-এর প্রথম আসরে সবচেয়ে বড় চমক রাজস্থান রয়্যালস। অথচ সেই দলটিই এখন বিশাল এক সমস্যার সামনে। গত মঙ্গলবার জয়পুরে সিরিজ বোমা হামলায় অন্তত ৮০ জনের মৃত্যুতে তাদের তিন তারকা খেলোয়াড় শেন ওয়ার্ন, শেন ওয়াটসন ও গ্রায়েম স্মিথ এবং দলের ম্যানেজার ড্যারেন বেরি ভীষণ আতঙ্কিত। আতঙ্কের মাত্রা এতটাই বেশি যে চার জনই টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে যেতে উন্মুখ!
গত রোববার দিল্লী ডেয়ারডেভিলসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান (৯ ম্যাচে ১৪ পয়েন্ট) সুসংহত করার পর দারুণ ফুরফুরে মেজাজে ছিল রাজস্থান। আগামী শনিবার তাদের পরের ম্যাচ ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে। মাঝের কয়েকটা দিন নির্ভার থাকার জন্য ওয়ার্ন, ওয়াটসন, স্মিথ ও বেরি ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়াতে। সেখানেই তারা পেয়েছেন আতঙ্ক জাগানো দুঃসংবাদটা। তাতে চার জন এমনই ভীত যে জয়পুরে না ফিরে সরাসরি দেশে ফেরার ফ্লাইট ধরার ভাবনাও উঁকি দিচ্ছে তাদের মনে। বেরি জানিয়েছেন, "প্লেনে উঠে এখান (গোয়া) থেকে সরাসরি দেশে ফেরার কথা ভাবছি আমরা। আমরা একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছি না। বর্তমান পরিস্থিতিটা ভীষণই অস্বস্তিকর। ক্রিকেট আমার খুবই প্রিয়। কিন্তু মেলবোর্নে আমার স্ত্রী ও তিন সন্তান আছে। এবং আমি এখন পৃথিবীর এই অংশে আছি বলে তারা মোটেও স্বস্তিতে নেই।"
জয়পুরের বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়ার্নের সঙ্গেও কথা বলেছেন বেরি। রাজস্থান রয়্যালসের কোচ ও অধিনায়ক নিজেও নিরাপত্তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। সর্বকালের সেরা লেগস্পিনারের দুশ্চিন্তার কথা জানাতেও দ্বিধা করেননি বেরি, "আজ (বৃহস্পতিবার) সকালেই আমি ওয়ার্নির সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞেস করেছি, 'সেখানে (জয়পুরে) যাওয়ার এক দিন আগে যদি বিস্ফোরণটা ঘটতো তাহলেও কি আমরা সেখানে যেতাম?' সে বললো যে তাহলে আমাদের সেখানে যাওয়ার কোনো প্রশ্নই উঠতো না।"
তবে ওয়ার্নরা যতই আতঙ্কিত হোন না কেন, ব্যাঙ্গালোরের সঙ্গে শনিবারের ম্যাচটা আয়োজন করতে রাজস্থানের কর্মকর্তারা দৃঢ় প্রতিজ্ঞ। দলের মিডিয়া ম্যানেজার নরেন্দ্র যোশির কণ্ঠে সেই প্রতিজ্ঞাই প্রতিধ্বনিত হলো, "শনিবারের ম্যাচে যে রাজস্থান রয়্যালসের সব খেলোয়াড়কেই পাওয়া যাবে আমি তা নিশ্চিত করতে পারি। গোয়াতে ছুটি কাটাতে যাওয়া খেলোয়াড়দের সঙ্গে আমরা কথা বলেছি। ম্যাচটা নিয়ে কোনো সমস্যা নেই। শুক্রবার সকালেই সব খেলোয়াড় জয়পুরে পৌঁছে যাবে।"
শুধু ওয়ার্ন-স্মিথরাই নন, ব্যাঙ্গালোর দলও জয়পুরের ম্যাচটা নিয়ে এখন দুশ্চিন্তায়। আইপিএল কর্তৃপক্ষের কাছে জয়পুর থেকে ম্যাচটা সরিয়ে তাদের হোমগ্রাউন্ডে আয়োজনের অনুরোধও করেছিল রাহুল দ্রাবিড়ের দল। তবে সেই অনুরোধে কর্ণপাত না করে আইপিএল কমিশনার ললিত মোদির ঘোষণা, "নিরাপত্তা বিষয়ক আয়োজন সম্পর্কে মন্তব্য করার কোনো অধিকার আমার নেই। আমরা শুধু প্রত্যেককে ব্যাগ, লাইটার, দিয়াশলাই ও বোতল ছাড়া স্টেডিয়ামে আসার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকার নিশ্চয়তাও দিচ্ছি। কাউকেই খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার অনুমতি দেয়া হবে না।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫৫ঘ.
bdnews24