করাচি, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিদ্ধান্তটা শোয়েব আখতারের জীবনের ঘোর অন্ধকারের মধ্যে আলোর বিচ্ছুরণের মতো! রোববার পাকিস্তানের গতি-তারকার পাঁচ বছরের নিষেধাজ্ঞা এক মাসের জন্য স্থগিত করেছে পিসিবি'র বিশেষ ট্রাইবুনাল। যার অর্থ আগামী এক মাস আইপিএল-এ খেলতে কোনো সমস্যা নেই 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর।
আইপিএল-এ খেলার জন্য নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার আবেদন জানিয়েছিলেন শোয়েব। সেই আবেদনে সাড়া দিয়ে বিশেষ ট্রাইবুনাল জানিয়েছে আগামী ৪ জুন পরবর্তী শুনানির আগ পর্যন্ত শোয়েবের পাকিস্তানের বাইরে খেলতে কোনো বাধা নেই। ট্রাইবুনাল-প্রধান বিচারপতি আফতাব ফারুক জানিয়েছেন, "যেহেতু নিষেধাজ্ঞার বিরুদ্ধে শোয়েবের আবেদনের নিষ্পত্তি হতে সময় লাগবে তাই ট্রাইবুনালের মনে হয়েছে এই লিগে (আইপিএল-এ) খেলতে বাধা দিলে তা হবে তার প্রতি অতিরিক্ত শাস্তি আরোপ। এমনকি বোর্ডের ডিসিপ্লিনারি কমিটিও এই অতিরিক্ত শাস্তির নির্দেশ দেয়নি। কারণ তারা পাকিস্তানের ভেতরে কিংবা (জাতীয়) দলের পক্ষে (শোয়েবের) খেলার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করলেও পাকিস্তানের বাইরে খেলতে বাধা দেয়নি।"
সুখবরটা শুনে স্বাভাবিকভাবেই দারুণ খুশি শোয়েব। অবশ্য বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের প্রতিক্রিয়ায় আনন্দের চেয়ে স্বস্তিই ছিল বেশি, "এটা আমার জন্য দারুণ স্বস্তিদায়ক এক খবর। কারণ আমি আইপিএল-এ খেলতে ভীষণই আগ্রহী। তবে এটা শুধু একটা যুদ্ধ জয় মাত্র। আমাদের এখন চূড়ান্ত লড়াইয়ে জিততে হবে।"
আইপিএল-এ শোয়েবের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাকে ৪ লাখ ২৫ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছিল সৌরভ-শাহরুখের দল।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫
bdnews24