মোহালি, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক চেষ্টা করেছিলেন ডেভিড হাসি ও প্রশান্ত সাহা। কিন্তু দুজনের দুটো ঝড়ো ফিফটিও কলকাতা নাইট রাইডার্সের পরাজয় ঠেকাতে পারেনি। শনিবার আইপিএল-এর এক নাটকীয় ম্যাচে কলকাতাকে ৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দুই ম্যাচ হেরে বাজেভাবে টুর্নামেন্ট শুরু করা পাঞ্জাবের ৬ ম্যাচ থেকে সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া সৌরভ-শাহরুখের কলকাতার এটা টানা চতুর্থ পরাজয়। ৬ ম্যাচে তাদের মাত্র ৪ পয়েন্ট।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় কলকাতা। তিন পেসার শ্রীশান্ত, ইরফান পাঠান ও ভিআরভি সিংয়ের তোপে একে একে ফিরে যান মোহাম্মদ হাফিজ (১৩), অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (৫), দেবব্রত দাস (৫), ব্র্যাড হজ (১) ও লক্ষীরতন শুক্লা (৭)। সেখান থেকে হাসি ও প্রশান্তর মধ্যে ৯.১ ওভারে গড়ে ওঠা ১০৪ রানের দারুণ এক জুটি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দিতে পারলেও জয় এনে দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্সকে। ৬ উইকেট ১৬৯ রানে থেমে যায় তাদের ইনিংস। ৪টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪৬ বলে ৭১ রান করে গগনদীপ সিংয়ের বলে জেমস হোপসের হাতে ক্যাচ দিয়েছেন হাসি। প্রশান্ত অবশ্য অপরাজিত থেকে যান। তার ৩২ বলে ৫৯ রানের ইনিংসটা সাজানো ছিল ৪ ছক্কা ও দুই বাউন্ডারিতে। শ্রীশান্ত ও পাঠানের শিকার দুটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান ফিফটি না পেলেও তারা পেয়েছে ৬ উইকেটে ১৭৮ রানের লড়াই করার মতো সংগ্রহ। শন মার্শ (৩২ বলে ৪০), কুমার সাঙ্গাকারা (২১ বলে ২৮), পাঠান (২৬ বলে অপরাজিত ২৪) ও পীযূষ চাওলার (৭ বলে অপরাজিত ২১) চারটি কার্যকর ইনিংসের সুবাদে গড়ে উঠেছিল সংগ্রহটা। ২৭ রানের বিনিময়ে উমর গুল নেন ২ উইকেট। ব্যাটিং-বোলিং দু বিভাগেই ঔজ্জ্বল্য ছড়ানো ইরফান পাঠানের হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২২ঘ.
bdnews24