২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসহায় আশরাফুল সব মেনে নিচ্ছেন

"আমাদের তরুণ খেলোয়াড়রা যেভাবে এই উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা সেটা পারেনি"--- সিরিজ শেষে এই হচ্ছে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের উপলব্ধি। যার সারমর্ম দাঁড়াচ্ছে নিজ-দেশে পরবাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আর দক্ষিণ আফ্রিকা খেলেছে নিজের মাঠ মনে করেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- "আমাদের তরুণ খেলোয়াড়রা যেভাবে এই উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা সেটা পারেনি"--- সিরিজ শেষে এই হচ্ছে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের উপলব্ধি। যার সারমর্ম দাঁড়াচ্ছে নিজ-দেশে পরবাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আর দক্ষিণ আফ্রিকা খেলেছে নিজের মাঠ মনে করেই। তাই নিজের জায়গায় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুলকে অচেনা লাগছিল। ভয়ার্ত চেহারা ও সলজ্জ দৃষ্টি নিয়ে চেয়ারে বসে অধিনায়ক একে একে বলে গেলেন নিজের এবং দলের ব্যর্থতার করুণ কাহিনী। যে যা বলছেন তাই মেনে নিচ্ছেন। আপনি কী দায়িত্বজ্ঞানহীনের মতো খেলেছেন বলে মনে হয় ? আশরাফুলের জবাব, "হ্যাঁ, অনেকটা তাই। বাজে শট খেলেছি আমি।" সিরিজের সার্বিক মূল্যায়নেও তার জবাব, "খুব খারাপ করেছি আমরা।" তাহলে অতো পরিকল্পনা, ট্রেনিং করে লাভ কী ? অধিনায়ক বলেছেন, "ম্যাচ হেরেছি, ঠিক আছে। আমাদের তো ইতিবাচক হয়েই খেলতে হয়েছে। আমার বারবার বলতে খারাপ লাগছে, ২৩০-২৪০ রান করতে পারলে ম্যাচে লড়াই হতো।" এ-তো তরল। অনেক গরল প্রশ্নও হজম করতে হয়েছে ব্যাটে রান নেই বলে। অধিনায়কের ক্লান্তি এসেছে কিনা, ক্রিকেট খেলাটা উপভোগ করছেন কিনা--- এরকম প্রশ্নেও তিনি আহত বোধ করছেন না, "আমাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলেও এখন এরকমই হবে।" পাল্টা যুক্তি হিসেবে বিশ্বকাপের চমৎকার পারফরম্যান্সের কথা চলে এলো। কিন্তু আশরাফুল দলটিকে তারুণ্যের ব্যাখ্যায় ফেলে আরেকটু সময় চাইলেন, "বিশ্বকাপের দলের সঙ্গে এ দলের পার্থক্য আছে। ওটা ছিল অভিজ্ঞ আর এটা তরুণ, চারজনের অভিষেক হয়েছে এবার। ২০১১ সালের জন্য আমরা দল গড়ছি। তাই আমাদের একটু সময় দিতে হবে, এই দল ভবিষ্যতে অবশ্যই ভাল খেলবে।" এবং হোয়াটমোরের উত্তরসূরী জেমি সিডন্সের কোচিংয়েই কাজ হবে বলে বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯০৫ঘ.