চট্টগ্রাম, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এটাকে তার মুদ্রাদোষই বলা যায়। যে কোনো প্রশ্নেই মোহাম্মদ রফিকের উত্তরের শুরুটা হয় 'মেইন জিনিস হচ্ছে' দিয়ে। মানে মূল বিষয়। শনিবার টেস্টে এক শ' উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার হওয়ার অনুভূতি ব্যক্ত করতে সংবাদ সম্মেলনে আসার পরও এর ব্যতিক্রম হল না।
তার বিদায়ী টেস্টে ব্যাটসম্যানদের স্মরনীয় কিছু করতে না পারার আভাস শনিবার শেষ বিকেলেই পেয়েছেন তিনি। টেস্টে ব্যাটিং ব্যর্থতা দেখে দেখে চোখ অভ্যস্ত হয়ে গেলেও মন কি বিদায়ী ম্যাচে একটুও ব্যথিত হবে না এজন্য? এই টেস্ট শুরুর আগে অনেক আক্রমণাত্মক কথা বললেও এবার অনেকটা সংযমী রফিক উত্তরটা দিলেন একটু ঘুরিয়ে, "মেইন জিনিস হচ্ছে ব্যাটসম্যানের দায়িত্ব কী এটা তাকে চিন্তা করতে হবে।" ৩৩ টেস্টের ক্যারিয়ারে ১৭ বার দ্বিতীয় ইনিংসে বল করা হয়নি। এই টেস্ট নিয়ে সেটা ১৮ বার হওয়ারও প্রবল আশঙ্কা। বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানের অভাবটা কিন্তু তিনি প্রকারান্তরে বুঝিয়েই দিলেন।
জানালেন তার 'বেস্ট ফ্রেন্ড'এর কথাও। যার সঙ্গে আলাপ করেই তিনি নিয়েছেন অবসরের সিদ্ধান্ত। সমসাময়িক কেউ নন। এমনকি কোনো ক্রিকেটারও নন। তার 'বেস্ট ফ্রেন্ড' আসলে ১১ বছর বয়সী এক কিশোর। মোহাম্মদ পিয়াল নামের এই কিশোরের পরিচয়টা দিয়ে রফিক একরকম সবাইকে চমকেই দিলেন, "আমার ছেলে আমার সবচেয়ে ভালো বন্ধু। ও ক্রিকেট খেলে না ঠিকই। কিন্তু খেলার সময় ওর কাছ থেকে অনেক টিপস পেয়েছি আমি। যেগুলো খেলার মাঠে খুব সাহায্য করেছে আমাকে। অবসরের সিদ্ধান্তটা ওর সঙ্গে কথা বলেই নিয়েছি।"
কিন্তু এই টেস্টেই তার এক শ' উইকেট হবে কিনা তা নিয়ে এক পর্যায়ে সংশয়ই তৈরি হয়েছিল। এমনকি তার এক শ'তম শিকারটাও হাতছাড়া হয়ে যেতে পারতো। রবিন পিটারসনের ব্যাট ছুঁয়ে যাওয়া বল উইকেটকিপার মুশফিকুর রহিমের বাম উরুতে লেগে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু স্লিপে জুনায়েদ সিদ্দিকী সেই ক্যাচটা ধরে তাকে ভাসিয়েছেন লক্ষ্যপূরণের আনন্দে। আগের দিন ২৩ ওভার বল করে একটাও উইকেট না পাওয়া রফিক দ্বিতীয় দিনে কী একটুও টেনশনে ছিলেন না এটা নিয়ে? জবাবে বললেন, "না, টেনশন হচ্ছিল না আমার। তাছাড়া উইকেট পেতে হলে ভাগ্যও লাগে। আজ তিন ওভারের মধ্যেই দুটো উইকেট পেলাম। এক শ' হতে হলে আর দুটো উইকেট লাগে, এটা না ভেবে আমি দলের কথা ভেবেই বল করছিলাম কেবল।"
এক শ' উইকেটের মাইলফলকে পৌঁছানোর পর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমরত্ব পাওয়ার বিষয়টাই রফিককে আন্দোলিত করছে বেশি, "দেশের হয়ে টেস্টে প্রথম এক শ' উইকেট পেয়েছি আমি। আমি আর খেলবো না। কিন্তু অনেক বছর পরেও এটা ইতিহাস হয়ে থাকবে।" তবে রফিক এখানেই প্রথম নন। ওয়ানডেতেও এক শ' উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার তিনি। শুধু তাই নয়। টেস্ট এবং ওয়ানডেতে (১১৯১ রান ও ১২৫ উইকেট) এক হাজার রান ও এক শ' উইকেটের 'ডাবল' অর্জন করা একমাত্র বাংলাদেশী ক্রিকেটারও তিনি। এই অর্জনের পথে যে সব প্রিয় মানুষের অকুন্ঠ সহযোগিতার কথা স্মরণ করেছেন তারা হলেন, "ইমরান ভাই (সারোয়ার ইমরান), জালাল ভাই (জালাল আহমেদ চৌধুরী), ওসমান ভাই (ওসমান খান)।"
এনামুল হক জুনিয়র কিংবা আব্দুর রাজ্জাক নন। বাংলাদেশের ভবিষ্যৎ বাঁ হাতি স্পিনার হিসেবে আরেক জনের কথাই বললেন রফিক, "জাতীয় লিগে মোশাররফ হোসেন রুবেলের বোলিং খুব ভালো লেগেছে। টেস্ট ক্রিকেটে বল করার গুণটা ওর মধ্যে আছে বলেই মনে হয়েছে আমার।" ১৯৯৫ সালে শারজায় ওয়ানডে অভিষেকের পর দীঘর্ দিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া এই স্পিনার তখনকার আর এখনকার বাংলাদেশ দলের পার্থক্যটা বুঝিয়েছেন এভাবে, "আগে অনেক সিনিয়র খেলোয়াড় দলে থাকতো। আতহার ভাই (আতহার আলী খান), ফারুক ভাইরা (ফারুক আহমেদ) অনেক ভালো ভালো কথা বলতেন জুনিয়র ক্রিকেটারদের।" রফিকের বিদায়ের সঙ্গে সঙ্গে এখনকার তরুণ বাংলাদেশ দলের ওপর থেকে অভিভাবক নামের আরেকটি ছাতা গুটিয়েই যাচ্ছে বলা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৯ঘ.
bdnews24