২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন পার্টনারশিপের কথা কল্পনাও করেননি স্মিথ

এর আগে দুটো টেস্ট সেঞ্চুরি করেছেন ঠিকই। তবে বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া বোধহয় প্রথম সেঞ্চুরির আনন্দই উপহার দিচ্ছে নিল ম্যাকেঞ্জিকে। সেটা হার্শেল গিবসের জায়গায় দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া এই ওপেনারের কথা শুনেই বোঝা যাচ্ছে, "সাত বছর পর টেস্ট সেঞ্চুরি করার মুহূর্তটা ঠিক বলে বোঝানো যাবে না।" ২০০১ সালের ২০ জানুয়ারি সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটা করেছিলেন। এবারই বেশ কিছুদিন পর দলে ফেরা এবং গিবসের জায়গায় এসে রান করার চাপ, সবকিছু মিলিয়ে একটা স্বস্তিই অনুভব করছেন তিনি। হাসতে হাসতে তাই শুক্রবার রাতে তার সেলিব্রেশনের ধরনটাও জানিয়ে দিলেন, "একটা বিয়ার খাবো। বড়জোর দুইটা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চট্টগ্রাম, ২৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এর আগে দুটো টেস্ট সেঞ্চুরি করেছেন ঠিকই। তবে বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া বোধহয় প্রথম সেঞ্চুরির আনন্দই উপহার দিচ্ছে নিল ম্যাকেঞ্জিকে। সেটা হার্শেল গিবসের জায়গায় দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া এই ওপেনারের কথা শুনেই বোঝা যাচ্ছে, "সাত বছর পর টেস্ট সেঞ্চুরি করার মুহূর্তটা ঠিক বলে বোঝানো যাবে না।" ২০০১ সালের ২০ জানুয়ারি সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটা করেছিলেন। এবারই বেশ কিছুদিন পর দলে ফেরা এবং গিবসের জায়গায় এসে রান করার চাপ, সবকিছু মিলিয়ে একটা স্বস্তিই অনুভব করছেন তিনি। হাসতে হাসতে তাই শুক্রবার রাতে তার সেলিব্রেশনের ধরনটাও জানিয়ে দিলেন, "একটা বিয়ার খাবো। বড়জোর দুইটা।" তার অধিনায়ক গ্রায়েম স্মিথ হয়তো তাকে যতো ইচ্ছে পান করার স্বাধীনতা দিতেন। কিন্তু ম্যাকেঞ্জি মাত্র দুটো বিয়ারেই নিজেকে সংযত রাখবেন, কারণ পরদিন (শনিবার) সকালে যে আরেকটি বিশ্বরেকর্ড ভাঙ্গতে হবে। দলকে বিনা উইকেটে ৪০৫ রানে পৌছে দিয়ে সাজঘরে ফেরার পরই প্রোটিয়া অধিনায়ক জেনেছেন, ভিনু মানকড় এবং পঙ্কজ রায়ের ৫৩ বছর আগে গড়া ৪১৩ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ডকে ছাড়িয়ে যেতে তাদের লাগবে আর মাত্র ৯ রান। এতো কাছে এসে রেকর্ডটা কিছুতেই হাতছাড়া করতে চান না সবচেয়ে বেশি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক, "মাত্র কিছূক্ষণ আগেই আমাদের বলা হল ওই রেকর্ডটার কথা। এখন আমাদের দুজনের মনোযোগ আগামীকাল সকালে রেকর্ডটিকে নিজেদের করে নেওয়ার দিকে।" অথচ ওপেনিংয়ে নেমে তিনি আর ম্যাকেঞ্জি মিলে শুক্রবার যেখানে নিয়ে গেলেন দলকে, এতোটা নাকি স্মিথ নিজেও কল্পনা করেননি, "টিম মিটিংয়ে বড় পার্টনারশিপ গড়ার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছিলাম আমরা। তাই বলে চারশো প্লাস পার্টনারশিপও আশা করিনি। আসলে এরকম অসাধারণ কিছু ঘটে যেতে ভাগ্যও লাগে।" এই নিয়ে টেস্টে চার চারটি ডাবল সেঞ্চুরি হয়ে গেল তার। এরমধ্যে ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই টেস্টে আড়াইশো (২৭৭ ও ২৫৯) পার করেও প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পাওয়া হয়নি। এবার কী পাবেন সেটির দেখা? ২২৩ রানে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করা স্মিথ তার পূর্ব অভিজ্ঞতা থেকেই বোঝালেন সেজন্য কোন জিনিষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, "এর আগেও কয়েকটা ডাবল হান্ড্রেড আছে আমার। আমি জানি সেজন্য কতোটা পরিশ্রম করতে হয়। পুরো সময়টাতে মনোযোগ ধরে রাখতে হয়।" অবশ্য ব্যাট হাতে এখন তার ভালো সময়ের কথাও উল্লেখ করতে ভুললেন না স্মিথ, "ডারবানে একটা সেঞ্চুরি করে এখানে এসেছি। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও ভালো কেটেছে আমার। ঢাকা টেস্টেও একটা ফিফটি করলাম। সবকিছু মিলিয়ে সময়ের আনুকুল্য পেতে শুরু করেছি আমি।" ঢাকায় উইকেটের সমালোচনা করে এলেও এখানে উইকেটের আনুকুল্যও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি, "আজকের ব্যাটিংটা তো দারুণ উপভোগ করলাম। এজন্য ভালো উইকেটেরও ভূমিকা কম নয়। তাছাড়া আউটফিল্ডও ছিল দ্রুতগতির। তাছাড়া টস জিতেও ভালো লেগেছিল খুব। কারণ উপমহাদেশের উইকেটে আগে ব্যাটিং করাটা খুব কাজে দেয়।" অবশ্য ২০০৩ সালের বাংলাদেশ সফরেও চট্টগ্রামে স্মিথ-ম্যাকেঞ্জির মতোই রান ফোয়ারা বইয়ে দিয়েছিলেন জ্যাক রুডলফ ও বোটা ডিপেনার। তৃতীয় উইকেটে তাদের ৪২৯ রান এখনো যে কোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার সেরা পার্টনারশিপের রেকর্ড হয়ে আছে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসেই ২২২ রানে অপরাজিত থাকা রুডলফের সঙ্গী ডিপেনারও খেলেছিলেন ১৭৭ রানের হার না মানা ইনিংস। সেই প্রসঙ্গ তুলতেই সংবাদ সম্মেলনে স্মিথের কাছ থেকে মাইক্রোফোন টেনে নিয়ে ম্যাকেঞ্জি হাসতে হাসতে বললেন, "ওদের কেউ আউট হলে আমি নামতাম। কিন্তু ওরা কেউ আউট না হওয়ায় আমাদের দু'দিন প্যাড পরে বসে থাকতে হয়েছিল।" ম্যাকেঞ্জি-স্মিথ মিলে এদিন প্যাড পরে বসে থাকার মধুর যন্ত্রণায় পুড়িয়েছেন হাশিম আমলাকে। তাদের কেউ আউট হলে যে আমলারই নামার কথা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.