২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের চোখে স্বপ্ন বিলীন হওয়ার কারণ

চূড়া ছুঁইছুঁই অবস্থা থেকে আবার পাদদেশে নেমে যাওয়া -প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অবস্থানের ওঠা-নামাকে বোধহয় অল্পকথায় এভাবেই প্রকাশ করা যায়। দ্বিতীয় দিনশেষে যেখানে জেতার স্বপ্নে বিভোর হয়ে ছিল জাতি, সেখানে তৃতীয় দিনের শেষে হারের জন্য অপেক্ষা। একদমই নতুন নয় এই অভিজ্ঞতা। বিশেষ করে আগেরদিনের সাফল্য পরদিন মধ্যাহ্ন বিরতির আগেই মাটি হওয়ার নজিরও ভুরিভুরি। এমন কেন হয়?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চূড়া ছুঁইছুঁই অবস্থা থেকে আবার পাদদেশে নেমে যাওয়া -প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অবস্থানের ওঠা-নামাকে বোধহয় অল্পকথায় এভাবেই প্রকাশ করা যায়। দ্বিতীয় দিনশেষে যেখানে জেতার স্বপ্নে বিভোর হয়ে ছিল জাতি, সেখানে তৃতীয় দিনের শেষে হারের জন্য অপেক্ষা। একদমই নতুন নয় এই অভিজ্ঞতা। বিশেষ করে আগেরদিনের সাফল্য পরদিন মধ্যাহ্ন বিরতির আগেই মাটি হওয়ার নজিরও ভুরিভুরি। এমন কেন হয়? মোহাম্মদ আশরাফুল মুলতান (প্রতিপক্ষ পাকিস্তান) ও ফতুল্লার (প্রতিপক্ষ) মতো আরেকটি জয়ের দোরগোড়া থেকে ফিরে আসার কারণ বলছেন এটাকে, "আসলে এমন পরিস্থিতিতে আমাদের খুব একটা আসা হয় না। বছরে বড়জোর এক দুইবার এমন ঘটনা ঘটে। দেখা যায় যে অনেক আশা নিয়ে আমরা একটা দিন শেষ করি। কিন্তু পরদিন লাঞ্চের আগেই সবকিছু শেষ হয়ে যায়।" যেমন শেষ হয়েছে রোববারও। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভ্যাস না থাকাতেই আরেকবার পা ফসকালো বাংলাদেশ। অভ্যাস নেই বলে সতীর্থদের ওপর চেপে বসা অনিঃশেষ চাপটাও আর সামলানো হয় না বলেও মনে হয় বাংলাদেশ অধিনায়কের, "আসলে এধরনের পরিস্থিতিতে সবার ওপর বাড়তি চাপ থাকে। আজ যেমন জুনায়েদ ও আফতাব আউট হয়ে যাওয়ার পর ঝামেলা হল। এই পরিস্থিতিতে উইকেটে গেলে নতুন ব্যাটসম্যানের জন্য সমস্যা হয়ে যায়।" ভবিষ্যতে এমন অবস্থা থেকে ম্যাচ জেতার জন্য এটা ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না তিনি, "নিয়মিত খেলতে হবে। বারবার এমন পরিস্থিতি তৈরি করতে হবে।" তবে এই টেস্ট শুরুর আগে বলেছিলেন, এখান থেকেই বাংলাদেশের উন্নতি শুরু হবে। সেই উন্নতিটা দেখাতে পারার স্বস্তিও খুঁজে পাওয়া গেল তার কথায়, "আমরা অবশ্যই উন্নতি করেছি। গত বছর শ্রীলঙ্কা সফরে আমরা তিনটা টেস্টেই হেরেছিলাম ইনিংসে। এরপর নিউজিল্যান্ডে গিয়ে প্রথম টেস্টে কিন্তু আমরা ইনিংসে হারিনি। হেরেছিলাম উইকেটে। এখানে অল্প রান করার পরও আমরা লিড নিয়েছি। কাজেই আমি বলবো আমাদের আস্তে আস্তে উন্নতি হচ্ছে।" আর সেই উন্নতির জন্য ব্যাটসম্যানদের কোনোভাবেই কৃতিত্ব দেওয়ার মতো অবস্থা হচ্ছে না। এদিনও যেমন জয়ের এতো কাছে এসে হোঁচট খাওয়ার জন্য প্রথম ইনিংসকেই টেনে আনলেন, "কোচ আপনাদের বলেছিলেন প্রথম ইনিংসে একশো রান কম হয়ে গেছে আমাদের। ওই রানটা হলে বোধহয় অন্যরকমই হত ব্যাপারটা।" অন্যরকম যে হত তার গ্যারান্টি বোলাররাই তাকে দিয়েছেন। বলে আসছিলেন তার বোলারদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে। রান আরেকটু বেশি হলে জেতার স্বপ্নকে বাস্তবও হয়তো করে ফেলা যেত। কিন্তু এখন অলৌকিক কিছু না ঘটলে চতুর্থ দিনের সকালে বড়জোর আধঘন্টার মামলা হতে যাচ্ছে প্রোটিয়াদের জয়। তবে বোলাররা অধিনায়কের এমনই আস্থা অর্জন করেছেন যে আশরাফুল এখন অলীক স্বপ্ন দেখতেও পেছাচ্ছেন না, "কাল সকালেও ওদের অলআউট করে দেওয়া সম্ভব। কয়েকটা ভালো বলই তো দরকার। ধরুন রাজীব (শাহাদাত) যদি একটা হ্যাটট্টিক করে ফেলে...। যদিও এটা অনেক বড় কথা হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে একথা আমাকে বলতেই হবে।" কথাটা বলার সময় বিজয়ী অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসতে না পারার বেদনাটাও নিশ্চয়ই বেজেছে বাংলাদেশ অধিনায়কের অন্তরে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.