ঢাকা, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার জন্য বড় ইনিংস খেলার প্রেক্ষাপট তৈরি হয়েই ছিল। কিন্তু সেটা আর খেলতে পারলেন না মোহাম্মদ আশরাফুল। সোমবার খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৩৭ রান করে আউট হয়ে গেছেন তিনি। এরপর আর ব্যাটিং বিপর্যয় সামলে উঠতে পারেনি ঢাকা। বোলার আরাফাত সানির ব্যাটিংয়ে ফলোঅন এড়ানো গেছে বটে, তবে তারা খুলনার (১ম ইনিংস ৩৫৫) রানের নীচে চাপাও পড়েছে।
৯ উইকেটে ১৮১ রান তোলার পর ইনিংস ঘোষণা করে দেন ঢাকার অধিনায়ক জাভেদ ওমর। প্রথম ইনিংসে ১৭৪ রানের লিড পাওয়া খুলনার দ্বিতীয় দিনশেষে সংগ্রহ ৫ উইকেটে ১৪৬ রান। অর্থাৎ ৩২০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করা খুলনার সামনে এখন জয়েরই হাতছানি। ৩৪ রান নিয়ে উইকেটে আছেন প্রথম ইনিংসে ফিফটি করা সাকিব আল হাসান। তার মানে ম্যাচের তৃতীয় দিনে ঢাকার আরো বড় টার্গেট পাওয়ার সম্ভাবনা।
২ উইকেটে ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ঢাকা বিপর্যয় সামলে উঠেছে বলেই মনে হচ্ছিল, ওপেনার আনামুল হককে (২৭) নিয়ে আশরাফুল ৫৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলার পর। কিন্তু ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আর ঘূরে দাঁড়াতে পারেনি তারা। আনামুলকে বোল্ড করে পেসার ডলার মাহমুদের (৩/৫১) শুরু। এরপর মেহরাব হোসেন জুনিয়রকেও (৯) তিনি স্লিপে ক্যাচ বানানোর সাত বল পর আশরাফুল খূলনার সফলতম বোলার জিয়াউর রহমানের (৩/৩৩) শিকার। ফ্লিক খেলতে গিয়ে গোলমাল হওয়ায় উইকেটের পেছনে ক্যাচ দিতে হয়েছে জাতীয় দলের অধিনায়ককে।
তবে ভারী কুয়াশা ও আলোর স্বল্পতার কারণে বারবারই বাঁধাগ্রস্ত হওয়া ম্যাচে রাজশাহী বিপর্যয় ভালোই সামাল দিয়েছে। ৫ উইকেটে ৫৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুর পর তাদের প্রথম ইনিংস ২৬৪ পর্যন্ত গেছে, এটাকে ভালো তো বলতেই হয়। আর তাদের সেখানে নিয়ে যাওয়ার কৃতিত্বটা নাঈম ইসলামেরই পাওনা। জাতীয় দলের এই ব্যাটসম্যান সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে খেলেছেন ৮৭ রানের ইনিংস। এদিনও কুয়াশার কারণে দেরীতে শুরু হওয়া ম্যাচ আবার আলোর স্বল্পতার কারণে শেষও হয়েছে আগেভাগেই। তার আগে সিলেট তাদের প্রথম ইনিংসে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১ রান।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লিড নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বরিশাল (১ম ইনিংস ২৪৪)। চট্টগ্রামকে ১৯৮ রানে অলআউট করে দেওয়ার পর তারা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৯৩ রান তুলে। সবমিলিয়ে তাদের লিড এখন ১৩৯ রানের। তৃতীয় দিনে খুলনার মতো বড় টার্গেট দিতে পারলে জয় হাতছানি দেবে তাদেরও। আর এই রাউন্ডে জয় মানে শিরোপার আরো কাছে চলে যাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24