২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের বদলে চেন্নাইয়ে হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

দুই টেস্ট সিরিজের শেষটির ভেন্যু মুম্বাই। অথচ ভারতের বাণিজ্যিক রাজধানী এখন সন্ত্রাসীদের হামলায় বিপর্যস্ত, বিধ্বস্ত এক জনপদ। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের ভেন্যু তাই মুম্বাই থেকে সরিয়ে চেন্নাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

নয়াদিল্লী/লন্ডন, ২৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই টেস্ট সিরিজের শেষটির ভেন্যু মুম্বাই। অথচ ভারতের বাণিজ্যিক রাজধানী এখন সন্ত্রাসীদের হামলায় বিপর্যস্ত, বিধ্বস্ত এক জনপদ। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের ভেন্যু তাই মুম্বাই থেকে সরিয়ে চেন্নাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ইতিমধ্যেই দেশে ফিরে গেছে ইংল্যান্ড দল। কিন্তু টেস্ট সিরিজ আয়োজনে বিসিসিআই দৃঢ়প্রতিজ্ঞ। শুক্রবার এক বিবৃতিতে সেই প্রতিজ্ঞার কথা জানিয়ে দ্বিতীয় টেস্ট চেন্নাইয়ে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি এন, শ্রীনিবাসন, "নির্দিষ্ট সূচী অনুযায়ীই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। তবে মুম্বাইয়ের বদলে ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট আয়োজন করবে চেন্নাই।" আহমেদাবাদে প্রথম টেস্ট শুরু হবে ১১ ডিসেম্বর। তার আগে বরোদায় ৫ ডিসেম্বর থেকে একটি তিন দিনের ম্যাচ খেলার কথা ইংল্যান্ডের। তবে এই সিরিজ খেলার জন্য ইংল্যান্ড ভারতে ফিরে আসবে কি না তা এখনো নিশ্চিত নয়। শুক্রবার লন্ডনে পৌঁছে বিবিসি রেডিওকে ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন জানিয়েছেন ভারতে ফিরবেন নাকি দেশে থাকবেন সেই সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া হবে দলের প্রত্যেক সদস্যকেই, "ভারতে ফিরে গিয়ে টেস্ট সিরিজটা খেলার যথাসাধ্য চেষ্টা করবো আমরা। কিন্তু সেখানে নিরাপত্তা না পেলে আমরা যাব না। আমি কাউকেই কোনো কিছু করার জন্য জোর করবো না। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.