মাসুদ পারভেজ
সেঞ্চুরিয়ন থেকে
সেঞ্চুরিয়ন, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার ব্যাটিং এখন সতীর্থদের কাছে শিক্ষণীয় ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার জুনায়েদ সিদ্দিকীও যেমন বলে দিলেন, "মুশফিকের ব্যাটিং দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথম টেস্ট থেকেই ভালো খেলছে ও। বল ছেড়েছে খুব ভালো। ওকে দেখে আমাদের আত্মবিশ্বাস বাড়ে।" সেই সুবাদে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে মুশফিকুর রহিমের প্রমোশনই পাওয়ার কথা। কিন্তু না, ব্যাটিং অর্ডারে তার জায়গা কেবল পেছাচ্ছেই। অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছিলেন ছয় নাম্বারে। এখানে ব্লুমফন্টেইনে প্রথম টেস্টে সাত নাম্বারের পর শেষ টেস্টে আরো পেছনে, আট নাম্বারে।
গত কিছুদিনে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার ক্রমাগত পিছিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন না উঠে পারেই না। অবশ্য বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টা নতুন নয় মোটেও। ২০০৬ সালের ফেব্র"ুয়ারিতে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডেতে অলক কাপালিকে নয় নাম্বারে নামিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তখনকার বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোর। অবশ্য আইসিএল মাতানো ওই ব্যাটসম্যানকে লেগস্পিনার হিসেবেই বেশি বিবেচনা করা হয়েছে, এমন একটা যুক্তিই সেসময় দিয়েছিলেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো কোচ। মুশফিকের ক্ষেত্রে সেরকম কিছু বলার সুযোগ নেই কারণ তিনি উইকেটকিপার।
তবুও মুশফিককে আট নাম্বারে নামানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলেই প্রমাণ করতে চাইলেন জেমি সিডন্স। তার যুক্তি, টেল এন্ডারদের দিক-নির্দেশনাটা খুব ভালো দিতে পারেন এই তরুণ। এজন্যই ব্যাটিং অর্ডারে মুশফিকের জায়গা আরো পিছিয়ে দেওয়া। "টেল এন্ডারদের নিয়ে ব্যাট করার জন্য দলের সেরা ব্যাটসম্যান মুশি। তাছাড়া ব্যাটিং অর্ডারে ওকে আরো ওপরে পাঠানো একটু কঠিনও হয়ে যায় যখন দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকে"- এ কথা বলার পরপরই বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ এও জানিয়ে দিতে ভুললেন না, "মুশি নিজেও চায় না তিন কিংবা চার নাম্বারে ব্যাট করতে।"
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের ব্যাটিংয়ে কোচের কথার যথার্থতার প্রমাণও অবশ্য মিলেছে। তার ৮৬ বলে ৬৫ রানের ইনিংসে বাংলাদেশ আড়াইশো ছুঁয়েছে বলেই নয়, ১৯৪ রানে নবম উইকেট হারানোর পর যখন দুইশো রানও হবে কিনা সংশয়, তখন শেষ ব্যাটসম্যান মাহবুবুল আলম রবীনকে নিয়ে গড়েছেন ৫৬ রানের পার্টনারশিপ। এরমধ্যে রবীনের অবদান মাত্র ১ রান। আট নাম্বারে ব্যাট করতে নেমে টেলএন্ডারদের নিয়ে চালিয়ে যাওয়ার সামর্থ্য প্রমাণিত হয়েছে মানা গেল। মুশফিক নিজেও হয়তো চান না ব্যাটিং অর্ডারে আরো উপরে উঠে আসতে। কিন্তু দলের প্রয়োজনটা তো সবার আগে। বিশেষ করে ইনফর্ম ব্যাটসম্যানকে টেলএন্ডারদের ভালো দিক-নির্দেশনা দিতে পারেন বলে আট নাম্বার পর্যন্ত পিছিয়ে দেওয়ার মানেটা অনেকের কাছেই পরিষ্কার নয়।
তাছাড়া এমন তো নয় যে, ব্যাটিং অর্ডারে আরো ওপরে খেলে সফল হননি তিনি। ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। দুই রানের জন্য হাফসেঞ্চুরি করতে না পারা মুশফিকের ব্যাট দারুণ কার্যকরী হয়ে উঠেছিল অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও, যেটিতে বাংলাদেশ জয়ের তীর থেকে ফিরে এসেছিল। ৪৪ রানে ৪ উইকেট হারানোর পর ওই টেস্টে মেহরাব হোসেন জুনিয়রকে (৮৩) নিয়ে মুশফিকের ১৪৪ রানের পার্টনারশিপ ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৩২ রান করা মুশফিক আরো একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপে সঙ্গ দিয়েছিলেন সাকিব আল হাসানকে। তারপর এখানে এসে যেমন খেলছেন, তাতে তার সম্পর্কে আরো উচ্ছ্বসিতই হয়ে উঠেছেন সিডন্স, "টেস্ট ম্যাচে কীভাবে ব্যাট করতে হয়, মুশির ইনিংস এর উদাহরণ। ও খুব দ্রুত সবকিছু শিখে ফেলে। ওর পারফরম্যান্সেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।"
কিন্তু ব্যাটিং অর্ডারে মুশফিকের পারফরম্যান্সের প্রতিফলন কই? প্রসঙ্গটা উঠলেই তে তালগাছটা সিডন্সের হয়ে যায়! টেল এন্ডারদের নিয়ে ভালো ব্যাট করতে পারেন বলে আপাতত দলের সেরা ব্যাটসম্যানকে আট নাম্বারে নামিয়ে দেওয়া হয়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.
bdnews24