ব্যাঙ্গালোর, ২১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্রাম দেয়ায় প্রথম তিন ম্যাচে দলে ছিলেন না শচীন টেন্ডুলকার। বিশ্রাম শেষে প্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে ফিরিয়ে এনেছে ভারত।
শুক্রবার পরবর্তী দুটো অর্থাৎ চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। যে দলে টেন্ডুলকার ছাড়াও ফিরেছেন ইরফান পাঠান। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র এক উইকেট নেয়ায় এই সিরিজের প্রথম তিন ম্যাচের দলে তাকে রাখা হয়নি। কিন্তু রঞ্জি ট্রফিতে দুই ম্যাচে ১২ উইকেট নেয়ায় ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে এই বাঁহাতি পেসারকে। টেন্ডুলকার ও ইরফান ফেরায় বাদ পড়েছেন মুরালি বিজয় ও রুদ্রপ্রতাপ সিং।
৭ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে থাকা ভারত রোববার ব্যাঙ্গালোরে চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪৫ঘ.
bdnews24