লন্ডন, ২৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক দিন ধরেই তিনি ইংলিশ কাউন্টি সাসেক্সের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাসেক্সের অনেক সাফল্যের রূপকারও তিনি। সেই সব সাফল্যের জন্যই পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদকে জাতীয় দলের স্পিন কোচ হিসাবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
৩৮ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দু দলের হয়েই কাজ করবেন। সেই সঙ্গে ইসিবির 'প্লেয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম'কে সাহায্য করার দায়িত্বও পড়েছে তার কাঁধে। আরেকটি দায়িত্বও আছে। প্রায় আড়াই বছর আগে অভিষেকের পর থেকে ৩৩ টেস্টে ১১৪ উইকেট পেলেও এ বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মন্টি পানেসার সেভাবে জ্বলে উঠতে পারেননি। হারানো আত্মবিশ্বাস ও ফর্ম ফিরিয়ে আনার জন্য পানেসারকে সাহায্য করাও মুশতাকের দায়িত্বের অন্যতম অংশ।
ইসিবির বিশ্বাস পাকিস্তানের পক্ষে ৫২ টেস্টে ১৮৫ ও ১৪৪ ওয়ানডেতে ১৬১ উইকেট শিকারী এবং '৯২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য মুশতাক তার দায়িত্ব ভালোভাবেই পালন করতে পারবেন। ইংল্যান্ডের মাটিতে তার বিশাল অভিজ্ঞতাও মুশতাক কাজে লাগাতে পারবেন বলেই ইসিবির বিশ্বাস। অভিজ্ঞতার পাশাপাশি সাফল্যের কথাও বলতে হবে। ২০০৩ মৌসুমে ১০০র বেশি উইকেট নিয়ে মুশতাকই কাউন্টিতে সাসেক্সের প্রথম শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। তিন বছর পর আবার শিরোপা জিতেছিল সাসেক্স এবং সেবারও ১০০র ওপরে উইকেট শিকার করে দলের সাফল্যে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.
bdnews24