কেপ টাউন, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাট হাতে ১২ রান। কিন্তু দর্শকরা হাততালি দিলো যেন সেঞ্চুরি করেছেন। সত্যিকার রূপটা অবশ্য বল হাতেই দেখালেন শন পোলক। ১০ ওভারে ৫টি মেডেন, ১৩ রান খরচায় ২ উইকেট। কেপ টাউনে তার শেষ ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচও শন পোলক। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান তুলেছিল স্বাগতিকরা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১০ বল বাকি থাকতে অল আউট হয়েছে ১৬৯ রানে।
১৮ রানেই ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। হার্শেল গিবস ৫ রান করেই কট বিহাইন্ড হয়েছেন জেরোমি টেলরের বলে। ক্যালিসও (৭) টেলরের শিকার। কভারে তার ক্যাচ নিয়েছেন শিবনারায়ন চন্দরপল। সেখান থেকে অ্যাবি ডি ভিলিয়ার্সকে নিয়ে তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করেছেন স্মিথ। ভিলিয়ার্সকে (৪৫) এলবিডব্লু করে জুটি ভেঙ্গেছেন ড্যারেন স্যামি। চতুর্থ উইকেটে জাঁ-পল ডুমিনিকে নিয়ে আরো ৭২ রান যোগ করেছেন স্মিথ। সর্বোচ্চ ৮৬ রান করে মারলন স্যামুয়েলসের বলে কট বিহাইন্ড হয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। এরপর পোলক ও ইয়োহান বোথাকে আউট করে শিকার সংখ্যা চারে নিয়ে যান টেলর। শেষ ওভারে তিন উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা যর মধ্যে ছিলেন ৬৮ রান করে রানআউট হওয়া ডুমিনিও।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শিবনারায়ন চন্দরপল। মরনি মর্কেল ৩৬ রানে ৪ উইকেট নিয়ে দারুণ অবদান রেখেছেন দলের জয়ে। তারপরও ৩০০তম ওয়ানডে খেলা পোলকই ছিলেন ম্যাচের সত্যিকার নায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, "এখানে আর কখনও খেলব না ভেবে ব্যাট করতে নামার সময় খুব খারাপ লাগছিল আমার। দীর্ঘশ্বাস ফেলে ব্যাট করতে নেমেছি আর নিজেকে বলেছি শুন্য রানে আউট হওয়া যাবে না। দর্শকদের সোল্লাস সমর্থনে মনে হচ্ছিল যেন সুখ স্বর্গে আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪২০ঘ.
bdnews24