২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কিছু ভুল' স্বীকার করে নতুন করে এগোতে চান পন্টিং

অলৌকিক এক স্পেলে অসাধারণ এক জয়। কিন্তু সিডনি টেস্টকে এসব ছাপিয়ে গেছে অন্য বিতর্ক। বর্ণবাদী গালি দিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন হরভজন সিং। বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে স্টিভ বাকনরকে। ভারত অধিনায়ক অনিল কুম্বলে অভিযোগ করেছেন ক্রিকেটের চেতনা নিয়ে খেলেনি অস্ট্রেলিয়া। সবশেষে খোদ অস্ট্রেলিয়াতেই সমালোচিত হয়েছেন রিকি পন্টিং। সাবেক অনেক খেলোয়াড় তাকে পদত্যাগ করতে বলেছেন। এতসব বিতর্কে কিছুটা বিহ্বল অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে স্বীকার করেছেন সিডনি টেস্টে কিছু ভুল করেছে তার দল যা ইচ্ছে করলে এড়ানো যেত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

পার্থ, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলৌকিক এক স্পেলে অসাধারণ এক জয়। কিন্তু সিডনি টেস্টকে এসব ছাপিয়ে গেছে অন্য বিতর্ক। বর্ণবাদী গালি দিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন হরভজন সিং। বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে স্টিভ বাকনরকে। ভারত অধিনায়ক অনিল কুম্বলে অভিযোগ করেছেন ক্রিকেটের চেতনা নিয়ে খেলেনি অস্ট্রেলিয়া। সবশেষে খোদ অস্ট্রেলিয়াতেই সমালোচিত হয়েছেন রিকি পন্টিং। সাবেক অনেক খেলোয়াড় তাকে পদত্যাগ করতে বলেছেন। এতসব বিতর্কে কিছুটা বিহ্বল অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে স্বীকার করেছেন সিডনি টেস্টে কিছু ভুল করেছে তার দল যা ইচ্ছে করলে এড়ানো যেত। সোমবার অস্ট্রেলিয়ার বিভিন্ন পত্রিকায় পন্টিংয়ের কলাম ছাপা হয়েছে। সেখানে দুটো ঘটনার দায় স্বীকার করেছেন তিনি। লিখেছেন, "সিডনিতে প্রথম ইনিংসে আউট দেওয়ার পর দাঁড়িয়ে না থেকে আমার ক্রিজ ছাড়াই উচিত ছিল, এও জানি ড্রেসিংরুমে আমার ব্যাট ছুঁড়ে মারাটা উচিত হয়নি।" যোগ করেছেন, "মাইকেল ক্লার্কও জানে প্রথম স্লিপে ক্যাচ দেওয়ার পর তার উচিত ছিল হাঁটা। সে জানে সে ভুল করেছে, কিন্তু প্রথম বলেই আউট হওয়ায় হতভম্ব হয়ে গিয়েছিল।" আর এ ধরণের ছোটখাটো ব্যাপারগুলিই সংশোধন করার ব্যাপারে রোববার এক টিম মিটিংয়ে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পন্টিং। তার ভাষায়, "আলাদা করে কোনো ব্যাপার নিয়ে বলার নেই। কিন্তু এমন ম্যাচের শেষ দিনে স্নায়ুক্ষয়ী ও উত্তেজনাকর এমন পরিস্থিতিতে এ ধরণের ব্যাপারগুলো সবাইকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। তাই আমাদের আরো সতর্ক থাকতে হবে। আরেকটি বড় ম্যাচ সামনে রেখে এই ভারসাম্যগুলো আনা খুব জরুরী।" তার দল নিয়ে সমালোচনা মেনে নিয়েছেন পন্টিং। লিখেছেন, "আমরা তো সবাইকে পুরোপুরি খুশী করতে পারব না। আমি সবসময়ই এ ধরণের সমালোচনা মোকাবেলা করে অভ্যস্ত যার মাধ্যমে ঠিক পথটি খুঁজে বের করার চেষ্টা করি। তবে এত আলোচিত হওয়ার পর এসব সমালোচনা আমরা উড়িয়ে দিচ্ছি না, বরং উন্নতির জায়গাগুলো সনাক্ত করে চেষ্টা করছি শুধরাতে।" রেকর্ড ১৬ টেস্ট জয়ের অর্জন এসব বিতর্কে চাপা পড়াতে কিছুটা আহত পন্টিং। সেটা স্পষ্ট তার লেখনীতে, ''শুরুতে ১৩০ রানে ৬ উইকেট হারানো এবং সেই ম্যাচেই আট-নয় মিনিট বাকি থাকতে জেতাটা দুর্দান্ত ক্রিকেট খেলার নমুনা। কিন্তু সেটা নিয়ে খুব কমই কথা হয়েছে। যাহোক, এসব আমাদের হাতে নেই। এই ম্যাচটি থেকে আমার স্মৃতি একটাই- সর্বকালের অন্যতম সেরা এক টেস্ট খেলা এবং জেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৪৪৫ঘ.