২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসে অপরাজিত ৬৫ রানের পর দ্বিতীয় ইনিংসেও হার না মানা ৭০ রান! কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের সঙ্গে বলতে গেলে একাই লড়াই করলেন শিবনারায়ণ চন্দরপল। কিন্তু আগের তিন টেস্টে তিনটি সেঞ্চুরি করা চন্দরপলের প্রতিরোধও ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। শনিবার ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ২৬২ রানে শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিনেই লক্ষ্যে পৌঁছে যেতে মোটেও দুশ্চিন্তায় পড়তে হয়নি প্রোটিয়াদের। ৭ উইকেটের সহজ জয় দিয়ে তিন টেস্টের সিরিজে সমতাও ফিরিয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

কেপটাউন, দক্ষিণ আফ্রিকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে অপরাজিত ৬৫ রানের পর দ্বিতীয় ইনিংসেও হার না মানা ৭০ রান! কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের সঙ্গে বলতে গেলে একাই লড়াই করলেন শিবনারায়ণ চন্দরপল। কিন্তু আগের তিন টেস্টে তিনটি সেঞ্চুরি করা চন্দরপলের প্রতিরোধও ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। শনিবার ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ২৬২ রানে শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিনেই লক্ষ্যে পৌঁছে যেতে মোটেও দুশ্চিন্তায় পড়তে হয়নি প্রোটিয়াদের। ৭ উইকেটের সহজ জয় দিয়ে তিন টেস্টের সিরিজে সমতাও ফিরিয়েছে স্বাগতিকরা। প্রথম টেস্টে ১২৮ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। বিশেষ করে তাদের অধিনায়ক গ্রায়েম স্মিথ। ড্যারেন পাওয়েলের করা ইনিংসের চতুর্থ বলকেই বাউন্ডারিতে পাঠিয়ে চতুর্থ দিনে খেলা শেষ করার ইচ্ছাই যেন প্রকাশ করেছেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী এবি ডি ভিলিয়ার্সও হাত খুলে খেলেছেন শুরু থেকে। ২৩ বলে ৩টি চারে ২৩ রানে পৌঁছে যাওয়া ডি ভিলিয়ার্স ২৪তম বলে ব্রাভোকে পুল করতে চেয়েছিলেন। আর সেটা করতে গিয়েই ভুলটা করলেন। টাইমিং ঠিক না হওয়ায় বল চলে যায় মিড উইকেটে থাকা বদলি ফিল্ডার ড্যারেন স্যামির হাতে। ৫৭ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও স্মিথকে তা দমাতে পারেনি। হাশিম আমলার সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে ক্যারিবীয়দের জয়ের স্বপ্ন মুছে দিয়েছেন তিনি। আমলাকে (৩৭) গেইলের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন রাউল লুইস। স্মিথও এই লেগস্পিনারের বলেই ক্যাচ দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ককে। তবে তার আগে মাত্র ৭৯ বলে ১১টি বাউন্ডারি সহ ৮৫ রানের এক ঝড়ো ইনিংস খেলে গেছেন স্বাগতিক দলের অধিনায়ক। স্মিথের বিদায়ের সময় দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র ৩৩ রান দূরে দাঁড়িয়ে ছিল। সহজ কাজটা করে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে একটুও সমস্যা হয়নি ক্যালিস ও অ্যাশওয়েল প্রিন্সের। ক্যালিস ২২ ও প্রিন্স অপরাজিত ছিলেন ১২ রানে। এর আগে ৪ উইকেটে ৯৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ক্যারিবীয়রা শুরুতেই বড় এক ধাক্কা খেয়েছে। আগের দিন হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় রানার নিয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ক্রিস গেইল। কিন্তু আন্দ্রে নেলের করা দিনের চতুর্থ বলেই বাঁ হাতের বুড়ো আঙ্গুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে। গেইল মাঠ ছাড়ার পর চন্দরপলের সঙ্গে ২৯ রান যোগ করে বড় একটা জুটি গড়ার ইঙ্গিত দিয়েছিলেন ডোয়াইন ব্রাভো (১২)। তবে নেলেরই লাফিয়ে ওঠা একটি বল তার গ্লাভসে লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো গ্রায়েম স্মিথের হাতে। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হওয়া রাউল লুইস দ্বিতীয় ইনিংসেও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র এক রান করে পল হ্যারিসের বলে শর্ট লেগে হাশিম আমলাকে ক্যাচ দিয়েছেন তিনি। তবে জেরম টেলর ভালোই লড়াই করেছেন। স্মিথের কৃপায় একবার 'জীবন' পাওয়ার পর হ্যারিসকে লং অনের ওপর দিয়ে বিশাল এক ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গে দুটো বাউন্ডারিও এসেছে তার ব্যাট থেকে। চন্দরপলের সঙ্গে তার ৩০ রানের জুটিটা যখন একটু একটু করে জমে যাচ্ছে ঠিক তখনই টেলর আউট! স্টেইনের অফস্টাম্পের বাইরের একটি বল ছাড়তেই চেয়েছিলেন টেলর। কিন্তু ব্যাটে লেগে স্লিপে দাঁড়ানো ক্যালিসকে ক্যাচ প্র্যাকটিসই করাতে পেরেছে সেই প্রচেষ্টা। ৬০ মিনিট অর্থাৎ পুরো এক ঘন্টা চন্দরপলকে সঙ্গ দেয়া টেলর ২১ রান করেছেন ৫৮ বল খেলে। পরের ব্যাটসম্যান ড্যারেন পাওয়েলকে (১) তাড়াতাড়িই ফিরিয়ে দিয়েছেন স্টেইন। কিন্তু ফিডেল এডওয়ার্ডস এত সহজে হাল ছাড়েননি। ইনজুরিতে পড়ায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে মাত্র ৪ দশমিক ৫ ওভার বল করা এডওয়ার্ডস রানার নিয়ে খেলে ক্যালিসকে ছক্কা ছাড়াও দুটো চার মেরেছেন। শেষ পর্যন্ত তার ২১ রানের ইনিংসটা শেষ করেছেন নেল, হ্যারিসের বিতর্কিত এক ক্যাচের মাধ্যমে। মিড অফের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন এডওয়ার্ডস। কিছুটা দৌড়ে বাঁয়ে ঝাঁপিয়ে পড়ে হ্যারিস ক্যাচটা নিলেও টিভি রিপ্লেতে বল মাটি স্পর্শ করার দৃশ্য পরিষ্কার বোঝা গেছে। এডওয়ার্ডসের বিদায়ের সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৯ উইকেটে ১৯২ রান। ক্যারিবীয়রা তখন মাত্র ১১৪ রানে এগিয়ে। তার পরই ঝড় উঠেছে কেপটাউনের নিউল্যান্ডসে! এক রান নিয়ে মাঠ ছেড়ে যাওয়া গেইল আবার ফিরেছেন মাঠে এবং ফিরেই শুরু করেছেন তান্ডব। নেলের এক ওভারে একটি ছক্কা ও দুটো বাউন্ডারি সহ ১৬ রান তুলে নিয়ে প্রতিপক্ষকে ভীষণ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি। চা-বিরতির ঠিক আগের ওভারে স্টেইনের পর পর দুই বলে ছক্কা মারলেও সেই ওভারেই আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েছেন হ্যারিসের হাতে। গেইলের ৩৮ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে ৪৮ বলে। আর সেজন্যই মাত্র ১১ ওভার ২ বলে গড়ে উঠেছে ৭০ রানের জুটি। ইদানিং ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে প্রায়ই দলের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হওয়া চন্দরপলও কিন্তু একটা ছক্কা মেরেছেন! গেইল আউট হওয়ার আগের ওভারে তার ছক্কাটা এসেছে হ্যারিসের বলে। ঐ ছক্কা ছাড়াও চন্দরপলের অপরাজিত ৭০ রানে বাউন্ডারি চারটি। প্রথম ইনিংসের মতো এবারো স্টেইনের শিকার চার উইকেট। আর নেল পেয়েছেন তিন উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২২০ঘ.