কেপটাউন, দক্ষিণ আফ্রিকা, ২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একে কনকনে ঠান্ডা, তার ওপরে আকাশে মেঘের আনাগোনা। অথচ ব্যাটসম্যানদের জন্য প্রতিকূল এই পরিবেশেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্তনিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের মতো টেস্ট জয়ের অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের শুরুটা কিন্তু তেমন ভালো হয়নি। কেপটাউনের নিউল্যান্ডসে বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতেই পড়ে যায় তারা। শিবনারায়ণ চন্দরপল ও মারলন স্যামুয়েলসের দৃঢ়তায় কিছুটা স্বস্তি ফিরলেও প্রতিপক্ষকে দিনটা হাসিমুখে শেষ করতে দেননি ডেল স্টেইন। তিনি শেষ বিকেলে ঝটপট তিন উইকেট তুলে নেয়ায় দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৪০ রান।
দু দলই একটি করে পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে এই ম্যাচে। প্রথম টেস্টে দুই ইনিংসেই শূন্য বা 'পেয়ার' পাওয়া হার্শেল গিবসের জায়গায় সুযোগ পেয়েছেন নিল ম্যাকেঞ্জি। অন্যদিকে পেসার ড্যারেন স্যামির বদলে স্পিনার রাউল লুইসকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের পঞ্চম ওভারেই ডেল স্টেইনের আঘাত। তার অফস্টাম্পের বাইরে পিচ পড়া গুড লেন্থের বল ড্যারেন গঙ্গার (৩) ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেট কিপার মার্ক বাউচারের গ্লাভসে।
১২ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার ধাক্কা রুনাকো মর্টনকে সঙ্গে নিয়ে সামলে ওঠার চেষ্টা করছিলেন গেইল। দু জনের ৫৯ রানের জুটিতে ক্যারিবীয় শিবিরে ধীরে ধীরে স্বস্তি ফিরছিলও। কিন্তু জ্যাক ক্যালিস বল হাতে নিয়েই ভেঙ্গে দিয়েছেন জুটিটা। তার করা পঞ্চম বলেই মর্টন আউট! ক্যালিসকে তুলে মারতে যাওয়ার মাশুল দিয়েছেন ২৩ রান করা মর্টন, বল চলে গেছে ওয়াইড মিড অফে দাঁড়ানো মাখায়া এনটিনির হাতে।
কেপটাউন টেস্ট শুরু হওয়ার আগের দিনও শোনা যাচ্ছিল আন্দ্রে নেলের বদলে শন পোলককে প্রথম একাদশে রাখতে পারে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত স্বাগতিকরা নেলের ওপরেই আস্থা রেখেছে এবং এই নেলই মধ্যাহ্ন বিরতির আগে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন প্রতিপক্ষকে। ৪৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে প্রোটিয়াদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন গেইল। কিন্তু ৪৯তম বলে ভুলটা করলেন ক্যারিবীয় অধিনায়ক। নেলের একটি ফুল লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে চালাতে গিয়ে গালিতে ম্যাকেঞ্জির দারুন এক ক্যাচে পরিণত হলেন তিনি। প্রায় চার বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার মতোই এক ক্যাচ!
গেইলের বিদায়ে ৩ উইকেটে ৭৭ রানে পরিণত হয়ে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়ে ক্যারিবীয় শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন স্যামুয়েলস ও চন্দরপল। জুটিটা যখন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিতে শুরু করেছে ঠিক তখনই এনটিনির আঘাত! পোর্ট এলিজাবেথ টেস্টের ম্যান অব দ্য ম্যাচ স্যামুয়েলস নবম টেস্ট ফিফটিতে পৌঁছানোর পর পরই এনটিনির বলে কট বিহাইন্ড হয়ে গেছেন। অনেক ধৈর্য্যরে পরিচয় দিয়ে ১৪৪ বলে খেলা ৫১ রানের ইনিংসে বাউন্ডারি ৭টি।
স্যামুয়েলসকে আউট করার পরের ওভারেই ডোয়াইন ব্রাভোকে (০) ক্যালিসের ক্যাচ বানিয়েছেন এনটিনি। জোড়া ধাক্কাটা উইকেট কিপার দীনেশ রামদিনকে সঙ্গে নিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন চন্দরপল। কিন্তু নতুন বল হাতে নিয়ে পর পর দু বলে রামদিন (২১) ও রাউল লুইসকে (০) ফিরিয়ে দিয়েছেন স্টেইন। রামদিন এলবিডব্লুর ফাঁদে পড়েছেন, আর লুইস বোল্ড। জেরম টেলর হ্যাটট্রিকটা ঠেকিয়েছেন ঠিকই, কিন্তু আউট হয়েছেন স্টেইনের বলেই। ৮ রান করে স্টেইনকে রিটার্ন ক্যাচ দিয়েছেন তিনি।
অন্যপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া চন্দরপলকে একটুও বিচলিত করতে পারেনি। ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। ২১৪ বলের ইনিংসে বাউন্ডারি মাত্র ৬টি। সঙ্গে থাকা ড্যারেন পাওয়েল এখনো রানের খাতা খুলতে পারেননি। ৬০ রানে ৪ উইকেট নিয়ে স্টেইন দিনের সফলততম বোলার। ৬৩ রানে এনটিনির শিকার দুই উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১৫ঘ.
bdnews24