ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---টুয়েন্টি-টুয়েন্টি খেলাটা আমাদের গলি-মহল্লার ক্রিকেটেরই ভদ্র এবং বৈশ্বিক চেহারা আসলে। ধরণে-চরিত্রে তারই ভ্রাতৃতুল্য।
গলি-মহল্লার ক্রিকেটে বিচিত্র নানান নিয়ম থাকে। পুকুরে পড়লে রান মাইনাস, বল হারিয়ে গেলে যে মারে সে আউট- এই জাতীয় নানান নিয়ম। সেই নিয়মগুলো প্রণীতও হয় অদ্ভুত উপায়ে। যারা শক্তিমান তাদের কথাই সাধারণত টেকে। দুর্বলদের সেগুলো মেনে খেলতে হয়। আর খেলাটাতে কেউ কেউ আসে বাড়ি থেকে পালিয়ে, বাবাকে লুকিয়ে! তাছাড়া তাড়াও থাকে সাধারণত। দেরি হয়ে গেলে সন্ধ্যা, সন্ধ্যা মানে খেলা শেষ। ব্যাটসম্যান-বোলারদের খুব তাড়াহুড়ো করতে হয়। এবং এখানেই টুয়েন্টি-টুয়েন্টি আমাদের গলির ক্রিকেটের ভ্রাতৃতূল্য। খেয়াল করেছেন নিশ্চয়ই ব্যাটসম্যানরা দৌড়ে-দৌড়ে উইকেটে নামেন। কারণ এক মিনিটের মধ্যে উইকেটে যেতে না পারলে তিনি আউট!
নো-বলের পরের বলটা আবার ফ্রি হিট। যেমন ইচ্ছা ব্যাটসম্যান মারবেন, কারণ ওই বলে রান আউট ছাড়া কোনো আউটই নেই। আবার বোলাররাও ট্রেন মিস হয়ে যাওয়ার ব্যস্ততার ভঙ্গিতে বল করে। কারণ ৭৫ মিনিটের মধ্যে ইনিংস শেষ না করতে পারলে আম্পায়ার তাদের বিরুদ্ধে নানান ব্যবস্থা নিতে পারেন। আম্পায়াররা এখানে মোগল বাদশাদের মতোই ক্ষমতাধর। যে কোনো সময় যে কোনো দলকে ৫ রান জরিমানা করার ক্ষমতা তারা রাখেন।
নামটা নিয়েও একটা জটিলতা আছে। টুয়েন্টিটা লেখা হয় কথায়, কিন্তু পরের টুয়েন্টিটা কেন অঙ্কে লেখা হয় তার খুব যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা না থাকায় বাংলাদেশে বাংলা সংবাদমাধ্যমগুলো সাধারণত দুটোকেই কথায় লেখে, কারণ না হলে লিখতে হবে টুয়েন্টি ২০ এবং সেটা গুরুচণ্ডালির দোষে দুষ্ট হবে। অথবা লিখতে হবে বিশ ২০। তা ঝামেলা এড়াতে সবাই ইংরেজিটাই কথায় লিখছে। জটিল সমস্যার সহজ সমাধান। সঠিক কিনা বলা মুশকিল।
নামগত-চরিত্রগত বিভ্রান্তির এই টুয়েন্টি টুয়েন্টিতে বৃহস্পতিবার খুব মারাত্মক একটা ঘটনা ঘটিয়ে ফেলল বাংলাদেশ। যে ওয়েস্ট ইন্ডিজকে কোনোদিন কোথাও হারানো যায়নি, তাদেরকে এমন চোট দিল যে চেনা-জানাদের কেউ কেউ খুব উত্তেজিত। ম্যাচ বাংলাদেশ জিততে যাচ্ছে এমন সময়ই একজনের ফোন। উত্তেজনায় বললেন, "এই খেলাটাই প্রধান খেলা হয়ে যাওয়া উচিত। টেস্ট-ওয়ানডে! দুর। সারাদিন! কাজ-কর্ম করা যায় না!" আগেরদিনও তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি তখনও টুয়েন্টি-টুয়েন্টি বলতে ঠিক কী বোঝাচ্ছে সেটা বুঝতে পারছিলেন না। তার মনে হচ্ছিল টুয়েন্টি-টুয়েন্টি বোধহয় অনুর্ধ্ব-২০ বছর বয়সীদের খেলা। কারণ এরকম সংখ্যাগুলো সাধারণত বয়সভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রেই উচ্চারিত হয়। তাছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের বয়সও ২০ এর কাছাকাছি হওয়াতে ভদ্রলোক ম্যাচ জেতার আগ পর্যন্ত ভুল ধারণা নিয়েছিলেন। এবং ম্যাচ জেতার পর এখন তিনি টুয়েন্টি-টুয়েন্টির ভীষণ ভক্ত। এই খেলাটাকে ক্রিকেটের প্রধানতম সংস্করণ করার কোনো দাবি নিয়ে কোনো কমিটি গঠিত হলে নিশ্চিতভাবেই তিনি তার পুরোভাগেই থাকবেন।
এরকম চেনা-অচেনা অনেকেই থাকবেন। দেখছি যারা ক্রিকেটটা নিয়মিত দেখেন তারা টুয়েন্টি টুয়েন্টির বিরোধী। যারা অনিয়মিত তারা পূজারী। আর সেটা খানিকটা সমস্যার কথাও। হুজুগে দেশ, সবাই ক্রিকেটমুখী হয়ে গেলো, স্পনসররাও এই হাওয়াকে কাজে লাগিয়ে ছুট লাগাল সেদিকেই এবং তার নানান কুফলে টেস্ট-ওয়ানডেটা চাপা পড়ে যায় যদি! সফলতা যেখানে মানুষ সেদিকেই তো দৌড়ায় সাধারণত! সাফল্যটা তাহলে একটা ঝুঁকির মুখ খুলে দিল!
হাবিবুল বাশার শুনে ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বললেন, "দুর কী যে বলেন। আমি আপনার সঙ্গে বাজি ধরে বলতে পারি টুয়েন্টি-টুয়েন্টি কোনোদিন ক্রিকেটের প্রধান খেলা হতে পারবে না।"
হাবিবুলের কথায় অকাট্য সব যুক্তি; এখানে দক্ষতা দেখানোর সুযোগ নেই, নামো আর মারো, ধুমধাড়াক্কা এটা কী ক্রিকেট নাকি! ঠিক। সবই ঠিক। কিন্তু বেরসিক অতীত মাথা উচু করে জানায়, ওয়ানডে যখন শুরু হয় তখনও হাবিবুলের মতো ক্রিকেটাররা ছিলেন। ছিল তাদের যুক্তিও। বিদ্রুপ করে বলতেন পাজামা ক্রিকেট। কিন্তু সেই পাজামা ক্রিকেটই তো আজ মূল ক্রিকেট হওয়ার হুমকিও দেয় কখনো কখনো! কে জানে আজকের বাস্তবতায় যা হাস্যকর, ২০ বছর পর মনে হবে এটাই ঠিক। যারা নাক সিঁটকাবেন, লোকে তাদের বলবে নাক-উঁচু।
সেটা পরের ব্যাপার, এখনকার ব্যাপার হলো যারা ক্রিকেট নিয়মিত দেখেন তাদের কাছে টুয়েন্টি-টুয়েন্টি একটা সার্কাস। যারা অনিয়মিত তাদের কাছে দারুণ বিনোদন। নিখাদ বিনোদন আর সার্কাসীয় বিনোদনের মীমাংসা দূর ভবিষ্যতের হাতেই তোলা, এখনকার তর্ক শুধু তর্কই। একদিনের জন্য সেই তর্কটা না হয় বাদই দিই। টুয়েন্টি-টুয়েন্টির বিচিত্র সব নিয়মকেও না হয় ছাড় দেয়া যাক।
টুয়েন্টি-টুয়েন্টিতে এই ম্যাচ জেতার ফলে বাংলাদেশে খুশি হননি এমন একজন লোকও কী আছেন! শুদ্ধ ক্রিকেটের প্রাচীনতম বিদগ্ধ ক্রিকেটবোদ্ধাও কী এতে রাগ করেছেন! করেননি, কারণ এর মাধ্যমেই তো ওয়েস্ট ইন্ডিজকে হারানো গেলো। এই খেলাটা হলো বলেই না ম্যাচ শেষে উল্লাসমুখর বাংলাদেশী খেলোয়াড়দের ভীড়ে ক্যারিবিয়ানদের বিষন্নবদনগুলো স্থায়ী হয়ে গেলো অ্যালবামে। টুয়েন্টি-টুয়েন্টির জন্যই তো! কিছু হোক না হোক বাংলাদেশের ক্রিকেটটাতো বৈশ্বিক আলোচনায় আরও বেশি করে থাকবে। বোদ্ধাদের বিশ্লেষণে থাকবে সমীহের স্বর।
ধরণে আমাদের গলির ক্রিকেটের সঙ্গে মিল। চরিত্রে সত্যিকারের ক্রিকেটীয় চরিত্রহীন। কিন্তু সেটাই যখন জাতীয় গৌরবের বাহক তখন তাকে মাথায় তুলে রাখতেই হয়। পাড়ার মাস্তান ছেলেটি যদি পানিতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করে তখন তার নামেও কিন্তু ধন্য ধন্য রব ওঠে। এটা তাই টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের সমালোচনার সময় নয়। তার ফলভোগের সময়।
কীভাবে হলো সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কী হলো সেটা সবসময়ই গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/এসএইচ/১৯৩৫ঘ.
bdnews24