কলম্বো, ২৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শ্রীলঙ্কার জন্য এ স্রেফ আনুষ্ঠানিকতা। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ নেওয়া- তাগিদ হতে পারে এটুকুই। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় লক্ষ্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিদের প্রেরণা বলতেও তা-ই। অন্যদিকে বাংলাদেশের জন্য ঠিক উল্টো। টেস্ট সিরিজে যা-তা হারের পর ওয়ানডেতেই সমানে সমানে লড়াইয়ের প্রত্যয় শুনিয়েছিল টাইগাররা। মাঠে তার অনুবাদ হয়নি। ঘুরে দাঁড়িয়ে মুখরক্ষার জন্য এই ম্যাচকেই তাই অবলম্বন মানতে হচ্ছে মোহাম্মদ আশরাফুল ও তার দলকে।
দু'ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চরম। কোচ শন উইলিয়ামস এবং অধিনায়ক আশরাফুল দুজনই অসহায়ভাবে স্বীকার করে নিয়েছেন তা। উইলিয়ামস বলেছেন, "মনে হচ্ছে বাড়তি বাউন্সের সঙ্গে তাল মেলাতে কষ্ট হচ্ছে ব্যাটসম্যানদের। এটাই বড় সমস্যা। দল হিসেবে ভালো করতে হলে এই সমস্যাটা কাটিয়ে উঠতেই হবে। আর এজন্য দেশে ফিরে বাউন্সি উইকেট বানিয়ে তাতে খেলার অভ্যেস করতে হবে।" আশরাফুল এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় না গিয়ে সরাসরি কৃতিত্ব দিয়ে দিয়েছেন প্রতিপক্ষ বোলারদের, "এমন না ব্যাটসম্যানরা পরিশ্রম করছে না। তারা বেশ খাটছে। কিন্তু শ্রীলঙ্কার বোলাররা খুবই ভালো বল করছে, বল ফেলছে জায়গামতো।"
ব্যাটিংয়ের চেয়ে বরং বোলিং এবং ফিল্ডিং তুলনামূলক ভালো হচ্ছে বলে দাবি আশরাফুলের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩৪ রানে অলআউট করে দেওয়া কিংবা দ্বিতীয় ম্যাচে ১৩৭ রান ডিফেন্ড করতে গিয়ে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেওয়া অধিনায়কের দাবির পক্ষেই যাচ্ছে। বুধবারের ম্যাচে তাই ব্যাটসম্যানদেরই কিছু করার তাগাদা দিচ্ছেন আশরাফুল, "আমরা জানি কিভাবে ওদের চাপে ফেলতে হয়। গত দু ম্যাচে বোলিং আর ফিল্ডিং আমাকে আশাবাদী করে তুলেছে। শুধু টপ অর্ডার থেকে আরো ৫০-৬০টা রান বেশি এলে এধরণের ম্যাচগুলোর ফলাফল অন্যরকম হয়ে যায়।"
কোচ উইলিয়ামস একটু ঘুরিয়েই একমত হয়েছেন আশরাফুলের সঙ্গে, "আমরা আপ্রাণ চেষ্টা করব একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে। সেটা পারলে আমি খুবই খুশী হবো কারণ আমরা ভালো বল করতে পারি বলে আত্মবিশ্বাসী। গত দুই ম্যাচে ভালো বোলিং করেছি আমরা। শেষ ম্যাচের আগে মাত্র একটা দিন হাতে পেয়েছি, তাই চেষ্টা করছি সবাই যেন আগের কথা ভুলে এ ম্যাচে ভালো করতে পারে।"
ব্যাটিংকে আরো সংহত করতেই দলে রদবদল এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। তুষার ইমরানের জায়গায় খেলবেন ২১ বছর বয়সী অলরাউন্ডার। ওপেনিংয়ে ফিরছেন জাভেদ ওমর। আর তাকে জায়গা দিতে সরে দাঁড়াবেন শাহরিয়ার নাফীস। মাশরাফি বিন মুর্তজা এখনও সেরে ওঠেননি। তাই শাহাদত হোসেনই নতুন বল হাতে নেবেন সৈয়দ রাসেলের সঙ্গে।
(টাইগার ক্রিকেটের সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮১৬ঘ.
bdnews24