ঢাকা, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্যান্ডিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়ের ছবিটা কলম্বোতেও একইরকম। সেখানে পুলিশ গ্রাউন্ডে নিজেদের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় তিনদিনের ম্যাচটা খেলছে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। বৃহষ্পতিবার ম্যাচের প্রথম দিনেই শ্রীলঙ্কার অনুর্ধ্ব -১৯ দলকে ৩১৪ রানে শেষ করে দেওয়া গেছে বটে। কিন্তু দিনের শেষভাগে ৬ ওভার ব্যাটিং করেই টালমাটাল অবস্থা সফরকারীদের প্রথম ইনিংসের। ১৪ রান তুলতেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছে তারা। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩০০ রানে পিছিয়ে আছে মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।
শ্রীলঙ্কা সফরে মোহাম্মদ আশরাফুল একবারও টস জিততে না পারলেও এদিন জিতেছেন যুব দলের অধিনায়ক। কিন্তু প্রতিপক্ষকে তার আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা যৌক্তিক হয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কানরা ৮২ ওভার ব্যাটিং করে প্রায় পুরো দিনটাই পার করে দেওয়ায়। এরমধ্যেও উল্লেখ করার বিষয় বাংলাদেশের বোলার নাসিরের ২২ রানে ৪ উইকেট নেওয়া। শুভাশিষও নিয়েছেন ৪ উইকেট, এজন্য তার খরচ অবশ্য ৪৯ রান। অধিনায়ক মাহমুদুল ২ উইকেট নিতে খরচ করেছেন তার চেয়ে অনেক বেশি, ৯৪ রান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৬ঘ.
bdnews24