ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার কথা বেশ কয়েক দিন আগেই বলে দিয়েছেন। তাই শনিবার বিসিবির ২০০৭---০৮ অর্থ বছরের বাজেট অনুমোদন সভাকেই ধরা হচ্ছিল বর্তমান কমিটির বিদায়ী বৈঠক হিসেবে। সেটা হতেও পারতো। আর তা হলে এবার আর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সুযোগ পেতেন না তারা। সেই চিন্তায় বিসিবি কর্মকর্তারা হয়তো কাতর হয়ে ছিলেন, তবে সেটা আর প্রকাশিত হয়নি। কারণ শনিবারের সভাতেই তারা ঠিক করে ফেলেছেন পরবর্তী এজিএম-এর তারিখ।
বিসিবি সভাপতি আব্দুল আজিজ দেরিতে উপস্থিত হওয়ায় বেলা সাড়ে ১২টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টারও পর শেষ হয় এই সভা। সভা শেষে সহ---সভাপতি শাহ নুরুল কবীর শাহীন এবং যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুকে নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আসেন সাধারণ সম্পাদক মাহবুব আনাম। সেখানেই তিনি জানান,"আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যেই এজিএম করার। সেই অনুযায়ী এবার বিসিবির এজিএম-এর তারিখ ঠিক হয়েছে ২০ অক্টোবর।"
তাহলে কী ক্রীড়া উপদেষ্টার ঘোষণাটা একদমই মাথায় নেই তাদের? জবাবটা পাওয়া গেল শাহীনের কাছ থেকেই। তাতে বোঝা গেল, চিন্তাটা অবশ্যই আছে তাদের। তাই বলে তারা এজন্য একদম হাত গুটিয়ে বসে থাকারও পক্ষপাতী নন,"এটা তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমরা ঠিকই কাজ করে যাচ্ছি। যত দিন থাকবো, ক্রিকেটের জন্যই কাজ করে যাবো।"
প্রধান উপদেষ্টার দফতরে ডাক পড়ার কারণেই এদিন সভায় আসতে দেরি করেছেন বিসিবি সভাপতি। ওদিকে সভাকক্ষ থেকে মাঝে মাঝেই বাইরে আসছিলেন কর্মকর্তারা। এবং তাদের কথাবার্তায় বোর্ড ভেঙ্গে দেওয়ার খবর নিয়ে উদ্বেগও লক্ষ্য করা যাচ্ছিল। অনেকে আবার খবরের সর্বশেষ অগ্রগতিও জানতে চাইছিলেন সাংবাদিকদের কাছে। দুপুর থেকেই বিভিন্ন কমিটির বাজেট অনুমোদিত হচ্ছিল। কিন্তু চূড়ান্ত অনুমোদন দেওয়ার অধিকার শুধুমাত্র সভাপতির। তাই তিনি না আসা পর্যন্ত সভা শেষ করা যাচ্ছিল না। বিকেল পাঁচটারও পরে সভাপতি এসে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই বোর্ড ভেঙ্গে যাওয়ার খবর নিয়ে প্রশ্নের মুখে পড়ার কথা তার । কিন্তু যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানালেন, কেউ নাকি সভাপতিকে কোনো প্রশ্নই করেননি,"অন্যদের আমি নিজেদের মধ্যে এটা নিয়ে আলাপ করতে দেখেছি। কিন্তু তারা সভাপতি সাহেবকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেননি।" সেই সঙ্গে এজিএম-এর তারিখ ঠিক করা প্রসঙ্গে তিনি বলেন,"সরকার যদি বোর্ড ভেঙ্গে দেয় তাহলে তো আর এজিএম করা হবে না এই নির্বাচিত কমিটির। কিন্তু না ভাঙ্গা পর্যন্ত সব কাজ ঠিকঠাক করে যাওয়াতে কোনো সমস্যা নেই। আমরা সেটাই করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১৭ ঘ.
bdnews24