লন্ডন, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)- আশির দশকের শুরুতে ইংলিশ কাউন্টি সমারসেটে খেলতেন দুই গ্রেট ক্রিকেটার ভিভ রিচার্ডস ও ইয়ান বোথাম। তখন থেকেই ক্রিকেটের এই দুই মহাতারকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের জন্ম। এবং তারা দু জনই এখন 'স্যার' উপাধিতে ভূষিত। ১৯৯৯ সালে রিচার্ডস পেয়েছিলেন নাইটহুডের সম্মান। আর এ বছর এই সম্মান পেলেন বোথাম। শনিবার প্রকাশিত রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের সম্মানের তালিকায় থাকা নাইটহুড উপাধি প্রাপ্তদের মধ্যে আছে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের নামও।
বোথাম অবশ্য ক্রিকেটের চেয়ে ক্রিকেটের বাইরের কীর্তির জন্যই ইদানিং বেশি জনপ্রিয় ইংল্যান্ডে। অবসরের পর লিউকেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে ব্রিটেন ও ইওরোপের অন্য কয়েকটি দেশে ১১টি 'চ্যারিটি ওয়াক'-- এ অংশ নিয়েছেন তিনি। আর্ত মানুষের কল্যাণে তার এই মহৎ উদ্যোগের জন্যই আসলে 'নাইটহুড' সম্মানের জন্য বিবেচিত হয়েছে তার নাম। টেস্টে ১৪টি সেঞ্চুরিসহ ৫২০০ রান ও ৩৮৩টি উইকেটের মালিক সেজন্য স্বাভাবিকভাবেই দারুণ খুশি,"এই সম্মানে ভূষিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। সেটা শুধু নিজের জন্য নয়, যারা আমাকে এখানে আসতে সাহায্য করেছে তাদের জন্যও। চ্যারিটি ওয়াকগুলোর বেশিরভাগই আয়োজিত হয়েছে আমার স্ত্রী ক্যাথের উদ্যোগে। আমরা পারিবারিকভাবেই এই আনন্দ উদযাপন করবো।"
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে এই পুরস্কার হাতে পাওয়ার আনন্দেও বোথাম দারুণ রোমাঞ্চিত,"আগেও কয়েক বার বাকিংহাম প্যালেসে যাবার সৌভাগ্য হয়েছে আমার। এবার এত বড় সম্মানের জন্য সেখানে যেতে পারছি ভেবে আমি উত্তেজিত। এমন একটা দারুণ ঘটনার জন্য সেখানে যাওয়াটাই তো ভীষণ গর্বের ব্যাপার। আমাদের সবার কাজের স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ এক ঘটনা।"
অবশ্য এমন সুখের দিনে দু জন প্রিয় মানুষের অনুপস্থিতিতে বোথামের হৃদয় ভারী হয়েও উঠছে,"এই আনন্দদায়ক ঘটনা উপভোগ করার জন্য দু জনকে পাওয়া যাবে না। সেজন্য আমি ভীষণ দুঃখিত। আমার বাবা লেস ১৮ মাস আগে মারা গেছেন। এটা হতে পারতো তার জন্য এক গর্বের মুহূর্ত। আমার দীর্ঘ দিনের বন্ধু ইয়ান উল্ডরিজও আজ রাতে গ্লাস উঠিয়ে সুখবরটা উদযাপন করতে পারতো।"
সমারসেটে বন্ধু রিচার্ডসের সঙ্গে কাটানো সেই সব সোনালী দিনগুলোর কথাও এই আনন্দময় সময়ে ভেসে উঠছে তার হৃদয়ের মণিকোঠায়,"টিনএজার থাকার সময় যখন আমরা একই ফ্ল্যাটে থাকতাম তখন ক' জন ভাবতে পেরেছিল আমি ও ভিভ এখানে আসতে পারবো? আমরা দু জনে প্রায়ই রাস্তা পেরিয়ে রয় মার্শালের পাবে যেতাম। সেখানে সবাই আমাদের সাদরে অভ্যর্থনা জানিয়ে চা --- পানের আমন্ত্রন জানাতো। তখন কে ভাবতে পেরেছিল ঐ দু জন তরুণকে এভাবে সম্মান জানানো হবে?"
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৭৪০ ঘ.
bdnews24