লন্ডন, ১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটে ফেরার আশা ধাক্কা খেল আবার। আইসিসির ক্রিকেট কমিটি প্রয়োজনীয় মান অনুযায়ী পারফর্ম না করা পর্যন্ত জিম্বাবুয়েকে টেস্টে ফেরার অনুমতি না দেয়ারই পরামর্শ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে।
সাবেক গ্রেট সুনীল গাভাস্কারের সভাপতিত্বে আইসিসির ক্রিকেট কমিটি ক'দিন আগে মিটিংয়ে বসেছিল দুবাইয়ে। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে,"জিম্বাবুয়ে তাদের যোগ্যতা অনুসারে পারফর্ম করতে না পারলে অর্থাৎ তাদের পারফরম্যান্সে টেস্ট ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার ঝুঁকি থাকা পর্যন্ত কমিটি দেশটির টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন সমর্থন করে না।" জুনের শেষ দিকে লন্ডনে অনুষ্ঠেয় প্রধান নির্বাহী কমিটির সভায় এ নিয়ে আলোচনার কথাও জানিয়েছে আইসিসি।
জিম্বাবুয়ে অবশ্য গত বছর থেকেই টেস্টে অংশ নিচ্ছে না। একটানা বাজে পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ে স্বতপ্রণোদিত হয়ে তাদের ক্রিকেট দলকে সরিয়ে নিয়েছে টেস্ট অঙ্গন থেকে। ওয়ানডেতেও তাদের অবস্থা শোচনীয়। সর্বশেষ ১৯টি ওয়ানডের মাত্র একটিতে জিতেছে তারা।
দুবাইয়ের ঐ মিটিংয়ে আরেকটা ব্যাপারেও পরামর্শ দিয়েছে ক্রিকেট কমিটি। ওয়ানডেতে দ্বিতীয় ও তৃতীয় পাওয়ার প্লে'র সময় ৩০ গজ বৃত্তের বাইরে সর্বোচ্চ দু জনের বদলে তিন জন ফিল্ডার রাখার পরামর্শ দিয়েছে তারা।
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24