২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টস বিতর্কে কিউরেটরকে ফাঁসানোর চেষ্টা!

"মিরপুর টেস্টে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া হলো কেন?"--- পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সভায় টিম ম্যানেজমেন্টের সদস্যদের কাছে এ ব্যাপারে জবাবদিহি চাওয়ার ইঙ্গিতই দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতি নির্ধারকরা। তাই বুধবারের পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সভা উত্তপ্ত হওয়ারই কথা ছিল। কিন্তু কমিটির প্রধান শাহ নুরুল কবীর শাহীন বললেন ভিন্ন কথা,"আরে, এটা তো তদন্ত কমিটি না। এখন তো নিয়ম করা হয়েছে প্রত্যেকটা সিরিজ শেষে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসবো। কোচ, অধিনায়ক আর নির্বাচকদের সঙ্গে আমরা আজ এরই অংশ হিসেবে বসেছিলাম। তাদেরকে আমরা টসের বিষয়টা জিজ্ঞেস করেছিলাম। তারা যে ব্যাখ্যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্টই হয়েছি। এমন ভুল তো হতেই পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, ৩০ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- "মিরপুর টেস্টে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া হলো কেন?"--- পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সভায় টিম ম্যানেজমেন্টের সদস্যদের কাছে এ ব্যাপারে জবাবদিহি চাওয়ার ইঙ্গিতই দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতি নির্ধারকরা। তাই বুধবারের পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সভা উত্তপ্ত হওয়ারই কথা ছিল। কিন্তু কমিটির প্রধান শাহ নুরুল কবীর শাহীন বললেন ভিন্ন কথা,"আরে, এটা তো তদন্ত কমিটি না। এখন তো নিয়ম করা হয়েছে প্রত্যেকটা সিরিজ শেষে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসবো। কোচ, অধিনায়ক আর নির্বাচকদের সঙ্গে আমরা আজ এরই অংশ হিসেবে বসেছিলাম। তাদেরকে আমরা টসের বিষয়টা জিজ্ঞেস করেছিলাম। তারা যে ব্যাখ্যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্টই হয়েছি। এমন ভুল তো হতেই পারে।" তবে ভেতরের খবর হচ্ছে, বিষয়টা শেষ পর্যন্ত এতোটা সোজা --- সাপ্টা থাকেনি। ভুল হতেই পারে মানার পরও কেন তাহলে কারো ওপর শাস্তির খড়গ নেমে আসবে? ভারতের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে বাংলাদেশের আগে ব্যাটিং না নেওয়ার দোষটা শেষ পর্যন্ত চেপেছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর বদিউল আলমের ওপর। এ জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাকে মিরপুর থেকে ফতুল্লা স্টেডিয়ামে বদলির চিঠিও ধরিয়ে দেওয়া হয়। তারপরও সন্ধ্যায় বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বেশ জোর দিয়েই বদিউলকে বদলির বিষয়টা অস্বীকার করলেন,"না, এমন কোনো সিদ্ধান্ত হয়ইনি। কোত্থেকে শুনলেন?" রফিকুল নিজেও পারফরম্যান্স মূল্যায়ন কমিটির অন্যতম সদস্য। তিনি বিষয়টাকে ঢাকতে চাইলেন অন্যভাবে,"আমরা সিদ্ধান্ত নিয়েছি আরো দুটো মাঠে মিরপুরের মতো ড্রেনেজ ব্যবস্থা করা হবে। একটা ফতুল্লা। আরেকটা চট্টগ্রাম কিংবা বগুড়া। বদিউল যেহেতু বোর্ডের চাকরি করে তাই ওই সময় তাকে তো আমরা কাজে লাগাতেই পারি। এই আলোচনাটাই বোধহয় বদলি হিসেবে ছড়িয়েছে।" অবশ্য রফিকুলের সবকিছু চেপে যাওয়াটা একেবারে ভিত্তিহীন নয়। কেননা মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় বদিউলকে ফতুল্লায় বদলির সিদ্ধান্ত বুধবার সন্ধ্যায় প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। এবং বদলির চিঠিটা তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে পুরো বিষয়টা ভুলে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অবশ্য এই শাস্তি বহাল থাকলে নেতিবাচক প্রতিক্রিয়া হওয়াটা বিচিত্র কিছু ছিল না। কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বদলি করা হয়েছিল। সকালে প্রথমে পারফরম্যান্স মূল্যায়ন কমিটির মুখোমুখি হন কোচ ডেভ হোয়াটমোর এবং অধিনায়ক হাবিবুল বাশার। সেখানে তাদের কাছে টস জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা চাওয়া হলে তারা দুজনেই এটাকে কিউরেটরের সঙ্গে আলাপপ্রসূত সিদ্ধান্ত হিসেবেই চালিয়ে দেন বলে সভায় উপস্থিত সূত্র থেকে জানা গেছে। এরই পার্শ্ব প্রতিক্রিয়ায় ফতুল্লায় নির্বাসিত হয়েও আবার শেষে মিরপুরেই থাকতে পারছেন বদিউল। তার আগে মিরপুরের টস বিতর্কে তাকে ফাঁসানোর চেষ্টায় সেই সত্যটা আরো একবার প্রকাশিত হয়ে পড়লো। সাফল্যের ভাগ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সবার মধ্যে। কিন্তু ব্যর্থতার দায়? সেটা কেউ নিতে চায় না! বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এএআর/ ২১৫৭ ঘ.