টেন্ডুলকার-গাঙ্গুলীর সেঞ্চুরি, বাকিটুকু বাংলাদেশের
ডেভ হোয়াটমোরকে দেখে শারদ পাওয়ার কতোটা মুগ্ধ হলেন জানা গেলো না, যেমন জানা যাচ্ছে না টেন্ডুলকার-সৌরভ তাদের দেশের বোর্ড সভাপতিকে কতোটা মুগ্ধ করতে পারলেন!
শনিবার ম্যাচ শুরুতে দেরি হবে জেনেও হোয়াটমোর খুব সকালে মাঠে চলে এসেছিলেন। তাই নিয়ে বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে হাসাহাসি। কারো কারো মুখে এমনও শুনলাম, “পাওয়ারকে মুগ্ধ করতে সকালেই চলে গেছে।” পাওয়ার মুগ্ধ হলেও তা জানা যাবে না, কারণ বাংলাদেশ বোর্ড দু-পক্ষের প্রকাশ্য আলোচনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই এ নিয়ে তার কথা বলার কথা নয়। যেমন টেন্ডুলকার-সৌরভ সম্পর্কে কথা বলার মতো স্পর্শকাতর বিষয় এখন ভারতীয় ক্রিকেটে আর নেই। সমালোচকদের কেউ কেউ অবশ্য রসিকতা করছেন। টেন্ডুলকাররা নাকি সেঞ্চুরি করলেও নিজের জন্য খেলার অভিযোগের সত্যতাও প্রমাণ করে দিয়েছেন। সেঞ্চুরি এবং তারপরই দুজন আউট। সেটা রসিকতা, কিন্তু তাতেও রাহুল দ্রাবিড় একটা ‘কিন্তু’ ‘কিন্তু’ করার সুযোগ ঠিক পেয়ে গেলেন।
বাংলাদেশের বোলিং নয়। চট্টগ্রামের গরমও নয়। এমনকি যুবরাজ-লক্ষ্মনের বাদ পড়াজনিত মন খারাপও নয়। রাহুল দ্রাবিড়ের কাছে এখন সবচেয়ে বড় সমস্যার নাম টেন্ডুলকার-সৌরভের ঘনিষ্ঠতা। একসঙ্গে খেতে যাচ্ছেন, মিশছেন ঘনিষ্ঠভাবে আর দ্রাবিড়ের মনে হচ্ছে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে। তা উইকেটে একসঙ্গে ব্যাট করে ষড়যন্ত্র করলে অবশ্য দ্রাবিড়ের করার কিছু নেই! দ্রাবিড়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেয়ে তাদের কাছে বড় সমস্যা হলো অস্তিত্বের সংকট। মাকড়সার জালের মতো তাদের ঘিরে থাকা সংশয়ের জাল কেটে বেরোনোর মতো ব্যাটই করলেন দুজন। কিন্তু জালটা তো অতো সহজে কাটছে না। সক্ষমতা নিয়ে সন্দেহ দূর হলো, কিন্তু দ্রাবিড়কে অসহযোগিতার বিষয়টা তো ঝুলেই রইলো। দুজনের একই ধরনের আউটে দ্রাবিড় এটাও বলতে পারেন, দেখলে তো আউটেও দুজন কেমন ঐকবদ্ধ। সেটা একটা উল্লেখের ব্যাপারই। সেঞ্চুরির পরই দুজন আউট। সৌরভ ১০০ আর টেন্ডুলকারের ১০১ এর বাইরে আর কোনো ফারাক নেই। দুজনই পুলটা ঠিকমতো করতে না পেরে বল তুলে দিলেন আকাশে। সোয়া ৬ ঘণ্টা বিরক্তিকর এবং বিতর্কিত অপেক্ষার পরও বাংলাদেশ দল তাদের মনসংযোগ ঠিক ধরে রাখতে পেরেছিল বলে দুবারই ঠাণ্ডা মাথায় ক্যাচ দুটো হাতে রাখতে পারল। তাই আগের দিন যে রান চাপার হুমকি ছিল সেটা অনেকখানিই দূর হয়ে বরং এখন ভারতের অলআউটের সম্ভাবনাই বেশি। দিনে খেলা হওয়া ২০ ওভারে ৮৯ রানের মধ্যে ৩ উইকেট তোলায় দ্বিতীয় দিন শেষে বাংলাদেশকে আর বিধ্বস্ত দেখাচ্ছে না। অধিনায়ক হাবিবুল বাশার এখন ডিক্লারেশনের আগে ওদের অলআউট করে দেয়ার কথাই ভাবছেন বেশি করে।
বহিরাঙ্গ যদি বিবেচ্য হয় তাহলে রুহুল আমিন স্টেডিয়াম লেটার মার্ক পেয়ে যাবে। বিশাল কমপ্লেক্স, একটু দূরেই সাগর, চাইলে দারুণ একটা কমপ্লেক্স তৈরি করা যায়। কিন্তু আদর্শ ক্রিকেট কমপ্লেক্স হতে গেলে সবচেয়ে জরুরি যে মাঠ, সেখানেই গোলমাল। মাঠের হিসাবে তাদের পাশ মার্ক নিয়েই টানাটানি। ভাবা যায়, সাড়ে ১১টার পর যেখানে বৃষ্টি হয়নি এবং দুপুর ১টা থেকে রোদ সেখানে সাড়ে চারটার আগে খেলা শুরু করা যায় না! জঘন্য পানি নিষ্কাশন ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই পানি এমন জমে যায় যে সুপার-সপার দিয়েও কাজ হয় না, অপেক্ষায় থাকতে হয় রোদ কখন মাঠ শুকিয়ে দেবে। তা সেটা শুকানোর পর যখন জানা গেলো যে সাড়ে চারটায় খেলা শুরু হবে এবং ২৩ ওভার খেলা হবে তখন ধরেই নেয়া হয়েছিল টেন্ডুলকার-সৌরভের সেঞ্চুরির বাইরে কিছু ঘটবে না।
কিন্তু ঘটল। বরং সৌরভের ১৩তম এবং টেন্ডুলকারের ৩৬তম সেঞ্চুরির আনুষ্ঠানিকতা বাদ দিলে বাকিটুকু আসলে বাংলাদেশেরই। সৌরভেরটাতে নেই, কিন্তু টেন্ডুলকারের সেঞ্চুরি প্রসঙ্গে টিকা আছে। আগের দিন ৩৭ রানে নিশ্চিতএলবিডব্লুর হাত থেকে বাঁচার পর শনিবারও মুখোমুখি হওয়া প্রথম বলেই পার পেলেন একটা জোরালো আবেদন থেকে। বোলারদের কাছে এই উইকেটের হাজার দোষ, তার সঙ্গে আম্পায়ারদের এই ভুলের মিশ্রণটা মানাই যায় না। হাজার দোষের এই উইকেটের এটাই বোধহয় গুণ যে কিছু বাউন্স পাওয়া যায়। এবং সেই বাউন্সটা অসমান। বোলারদের জন্য এটা আনন্দের, আর বাংলাদেশ দলের জন্য আনন্দের যে শাহাদত পরামর্শমতো টানা বাউন্স দিয়ে যেতে পারলেন। শাহাদত পারলে মাশরাফি তো পারবেনই। পেসাররা যেদিন এমন বীরত্বসূচক বল করেন, সেদিন রফিকের চুপচাপ বসে থাকা মানায় না। তিনি পাওয়ারকে বোল্ড করে দেয়াতে ম্যাচ থেকে বাংলাদেশ একেবারে হারিয়ে যায়নি।
দলের এই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাবাহী পারফরম্যান্স শারদ পাওয়ারের সামনে হোয়াটমোরের জন্য একটা ভালো সার্টিফিকেট। তাহলে কি ভারত তাকে নিচ্ছেই? সদলবদলে শুভেচ্ছা সফরে আসা পাওয়াররা সরাসরি হোয়াটমোরের সঙ্গে বসে তিক্ততা বাড়াবেন না স্বাভাবিক, তবু কথা চলতে পারে। ম্যাচ বৃষ্টিতে বিলম্বিত হওয়াতে হোটেল পেনিনসুলাই দুপুর পর্যন্ত হয়ে থাকল মুলমঞ্চ। সেখানে ভারতীয় বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ জানাচ্ছেন, “ডেভ হোয়াটমোর যদি আমাদের সঙ্গে কথা বলতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।”
বাংলাদেশ বোর্ডের সেক্রেটারি মাহবুব আনাম বলছেন, “যদি ম্যাচের পর কেউ কারো সঙ্গে কথা বলতে চায় তাহলে আমাদের আপত্তি করার সুযোগ কোথায়!” হোয়াটমোরের কাজ হওয়ার পেছনে তাই বাধা নেই। কিন্তু বাংলাদেশ পাওয়ার তথা ভারতের কাছ থেকে কি একটা সফর আদায় করে নিতে পারবে? যতদূর খবর, শুভেচ্ছা সফর বলে আনুষ্ঠানিক কোনো আলোচনা হবে না এবং ভারতের সামনে এমন ব্যস্ত সূচী যে অদূর ভবিষ্যতে সেটা সম্ভবও নয়।
৮৯ রানের মধ্যে টেন্ডুলকার-সৌরভকে ফিরিয়ে দেওয়াতে হোয়াটমোরের লাভ হলেও হতে পারে। হাবিবুলদের কাছে এটা রানচাপার হাত থেকে রক্ষার বেশি কিছু নয়।
