২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম, আফতাবের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে আছে চট্টলাবাসী

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ ও ভারতীয় দল এখন চট্টগ্রামে। রোববার সকাল সোয়া আটটায় দু দলের ক্রিকেটাররা জিএমজির একটি ফ্লাইটে বন্দরনগরীতে পৌঁছেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 06:34 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

শেষ ও তৃতীয় ওয়ানডের আগে রোববার ক্রিকেটাররা যখন সতেজ হয়ে ওঠার প্রত্যাশায় হোটেলে বিশ্রাম নিচ্ছেন তখনই চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা নেমে গেছেন মাঠে। ম্যাচের টিকিট সংগ্রহে নেমে পড়েছেন তারা। নগরীতে এবি ব্যাংকের সাতটি শাখায় টিকিটের জন্য বিশাল লাইনে দাঁড়াতে হয়েছে তাদের।

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ সাফল্যের পর ভারতের বিপক্ষে এই সিরিজ শুরুর আগে অনেক আগ্রহ ছিল চট্টগ্রামবাসীর। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে দেশের ছেলেদের পরাজয়ে উত্তেজনার পারদ কিছুটা নেমে গেছে। তবু এ ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। ‘ঘরের ছেলে’ তামিম ইকবালের উপস্থিতিতে যোগ হয়েছে অন্যরকম উত্তেজনা। তামিমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয় দেখতে চান তারা।

“সিরিজ হেরেছি বলেই তো সব শেষ হয়ে যায়নি। টাইগারদের এবার নিজেদের প্রমানের পালা।” সেজন্য শেষ ম্যাচে কিছু ঘটাতে হবে বলে মনে করেন লখ।লক্ষ্মীপুর থেকে টিকিট করতে আসা কমার্স কলেজের ছাত্র সুজন কবির। পরীক্ষা শেষে বাড়ি গেলেও ভারতের বিপক্ষে এ ম্যাচটি মাঠে বসে দেখার পরিক্লপনা করেছেন তাই রোববার সকালে চট্টগ্রাম চলে এসেছেন। আগ্রাবাদ এবি ব্যাংকে টিকিট করতে এসে জানালেন এসব কথা। তার বিশ্বাস, আগের দুই ম্যাচের চেয়ে এখানে আরো ভালো করবে বাংলাদেশ।

বিশ্বকাপে সাড়া জাগানো তামিম ইকবাল নিজের পরিচিত আঙ্গিনায় প্রথম ম্যাচ খেলতে নামছেন। তাই তাকে ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ আর উচ্ছ্বাসটা বেশি। নিজেদের ঘরের ছেলে বলে তার খেলা দেখার প্রতিই টানটা বেশি সকলের। একই সাথে তারা চায় আফতাবও জ্বলে উঠে তাকে টেস্ট দল থেকে বাদ দেয়ার জবাবটা দিন এ ম্যাচেই।

অতীতে চট্টগ্রামের মানুষ ঘরের ছেলেদের টানে মাঠে গিয়ে খুব হাসিমুখে বাড়ি ফিরতে পারেননি। তামিমদের আগের প্রজন্ম আকরাম খানরা এখানে খুব বলার মতো তেমন কোনো সফলতা পাননি। মারুফ আহমেদের মতো ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এবার সেই হতাশা ঘুচবে তামিম ও আফতাবের ঝড়ো ব্যাটিংয়ে। সেই আশাতেই এবার মাঠে যাবেন একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত মারুফ। সেজন্য রোববার আগ্রাবাদ এবি ব্যাংক শাখায় এসেছিলেন টিকিট কিনতে।

বঙ্গোপসাগরে ঝড় উঠুক বা না-ই উঠুক মঙ্গলবার সাগর ঘেঁষা চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ব্যাটিংয়ে ঝড় তুলবেন তামিম-এমন বিশ্বাস কাজীর দেউড়ির ছেলে অনিক রায়হানেরও। তামিমের ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে আরেকটা জয় দেখার জন্য অনিকও উদগ্রিব। রোববার সকালে চট্টগ্রামের প্রথম আন্তর্জাতিক ভেন্যু এম এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ফাইনাল দেখতে এসে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে নিয়ে তার আগ্রহের কথা এ ভাবেই ব্যক্ত করলেন তিনি। তিনি মনে করেন, “আমরা যে তামিমকে চিনি সে জ্বলে উঠলে এদিন আর পার পাবে না ভারত। আফতাবও কিছু একটা করুক এটাও চাই আমি।”

তবে এই প্রত্যাশা আর উচ্ছ্বাস নিয়ে বিপরীত মতও আছে। কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী মনে করেন, “শুধু চিটাগাংয়ের দুই জনের আবেগ দিয়েতো ক্রিকেট হবে না। পুরো দলকে ভালো করতে হবে। আর ভারত কোনোভাবেই হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে না।”

চট্টগ্রামের প্রথম টেস্ট ভেন্যুতে চলছে প্রতিদ্বন্দ্বীতা করছে জনপ্রিয় দুই দল আবাহনী ও মোহামেডান। অথচ খা খা করছে গ্যালারি। দুই ক্লাবের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ক্রিকেট খেলোয়াড় ছাড়া দর্শক নেই বললেই চলে। অনেকে জানেনও এ ম্যাচের খবর। কিন্তু বাংলাদেশ ও সফরকারী ভারতীয় দলের ক্রিকেটাররা জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় উঠেছেন, এ খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। উভয় দলের ক্রিকেটারদের দেখতে তাই সকাল এগারোটার পর থেকেই ভীড় লক্ষ্য করা গেছে সেখানে।

যে তামিমকে ঘিরে সবার এত আগ্রহ সেই ছেলেটি এবার চট্টগ্রামে এসেছেন, অথচ বাসায় উঠতে পারেননি। জাতীয় দলের অংশ বলে তাকেও এয়ারপোর্ট থেকে সরাসরি টিম হোটেলে গিয়ে উঠতে হয়েছে। তাই মা নুসরাত ইকবাল নিজেই এসেছিলেন সকাল বেলা হোটেল পেনিনসুলায়। দেখা করে গেছেন ছেলের সঙ্গে। তিনি আশাবাদী, চট্টগ্রামবাসী আবার উৎসবের একটা উপলক্ষ পাবে। তামিমও নিজের মাঠে তার মারকুটে ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দেবেন এমনটাই বিশ্বাস নুসরাত ইকবালের।

তিনি জানান, কাজীর দেউড়ীতে তাদের বাসায় ইতিমধ্যে এ ম্যাচকে ঘিরে এক ধরনের সাজসাজ রব পড়ে গেছে। তারা সবাই তামিমের খেলা দেখতে, তাকে উৎসাহ যোগাতে মাঠে যাবেন। তামিমের বন্ধুরাও দল বেধে তার খেলা দেখতে যাবে বলেও নাকি জানিয়েছে তাকে।

এ সিরিজে এখন পর্যন্ত যুক্তি কিংবা বাস্তবতা যা-ই হোক না কেন, আবেগের কমতি নেই এখানকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে। শহর থেকে একটু দূরে প্রায় ১৪ হাজার আসনের এই স্টেডিয়ামটি কানায় কানায় ভরে উঠবে বলে মনে করেন ক্রীড়া সংগঠক আলী আব্বাস। এর আগে অনুষ্ঠিত তেরটি সিরিজে মিডিয়া কমিটির দায়িত্ব পালন করা এই সংগঠকেরও এ ম্যাচ ঘিরে রয়েছে অনেক আবেগ। জয়ের আশা তিনি করেন না, তবে চট্টগ্রামের দুই ছেলের সঙ্গে মিলে অন্যরাও ভালো একটা ম্যাচ উপহার দেবেন বলে তার বিশ্বাস।