২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিপ্লে দেখার আনন্দ এবং বর্ণবাদ সচেতনতার শিক্ষা

মনোযোগে একটু এদিক-ওদিক হলেই হয়তো ম্যাচের গুরুত্বপূর্ণ কোনো মুহূর্ত মিস করে ফেলেছেন। স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সময় এমনটা ঘটলে রিপ্লে দেখার বন্দোবস্ত নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এই ভেবে ঢাকার ক্রিকেট দর্শকদের অনেকেই আন্তর্জাতিক ম্যাচের সময় স্টেডিয়ামমুখো হন না। এর চেয়ে টেলিভিশনে দেখাই তো ভালো। একটা মুহূর্ত বারবার দেখার সুযোগ আছে। তবে এখন থেকে তেমন দর্শকদের মাঠে টানতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। বিশেষ করে এই ভারত সিরিজের সময় তীব্র গরমকে উপেক্ষা করতে পারলে রিপ্লেটা মাঠেও দেখতে পারবেন তারা।

মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ এর পূর্বদিকের গ্যালারির মাঝামাঝি জায়গায় বসেছে জায়ান্ট স্ক্রিন। বাংলাদেশের কোনো স্টেডিয়ামে এটাই প্রথম জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেটা বসাতে কোনো খরচই হয়নি। একটি ভারতীয় কোম্পানি নিজ খরচে এটা বসিয়ে দিয়েছে। উল্টো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১০ হাজার ডলারও দিয়েছে তারা। বিনিময়ে ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখিয়ে কিছু কামিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। যদিও কোম্পানিটির নাম মনে করতে পারেননি বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম! অবশ্য দর্শকদের রিপ্লে দেখার ব্যবস্থা প্রথম দিনে মোটেও নিরবচ্ছিন্ন ছিল না। কারণ মিরপুর স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে চলতে থাকা বিদ্যুৎ বিভ্রাট। মিরপুরে ডেসার যে সাবস্টেশন থেকে মাঠে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে সেখানকার সমস্যার কারণেই এমন হয়েছে বলে জানা গেছে।

তারপরও শুরুটা তো হয়েছে। একেবারে আটঘাঁট বেঁধে নামা না হলেও আইসিসির বর্ণবাদবিরোধী আইন সম্পর্কে দর্শকদের শিক্ষিত করে তোলার কাজটাও এদিন থেকেই শুরু করেছে বিসিবি। বৃহষ্পতিবার বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডের দিন গ্যালারিতে ঢোকার সময় দর্শকদের হাতে ধরিয়ে দেওয়া হয় ওই আইনের ধারা সম্বলিত লিফলেট। বাংলা এবং ইংরেজী, দুই ভাষাতেই লিফলেট ছাপিয়েছে বিসিবি। তাদের হয়ে বিষয়টার দেখভাল করছেন আম্পায়ার্স ম্যানেজার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশ দলের এই সাবেক বাঁ-হাতি স্পিনার বলেছেন,“বর্ণবাদ বিষয়ে আইসিসি বেশ কড়াকড়ি আরোপ করেছে। এরই অংশ হিসেবে আমরা দর্শকদের বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারনা দেওয়ার চেষ্টা করছি লিফলেট বিলিয়ে। বাংলাদেশে বর্ণবাদ বিষয়ে এই প্রথম এমন কিছু করা হলো।”

লিফলেটে সেই আইনের ধারাগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এভাবে,“দর্শকগণ কোনো খেলোয়াড়, আম্পায়ার, রেফারি, কোনো কর্মকর্তা অথবা দর্শকের প্রতি এমন কোনো অচরণ করবে না,এমন কোনো কাজ বা কথা বলবে না যা উক্ত খেলোয়াড়,আম্পায়ার, রেফারি, কর্মকর্তা অথবা অন্য দর্শকদের মর্মাহত করে, যা অপমানজনক, লজ্জাকর, ভীতিকর, হুমকিস্বরুপ অথবা অপবাদমূলক।” ওই আইনবিরোধী কিছু করলে শাস্তির বিষয়টাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে,“মাঠ থেকে বহিষ্কার করা হতে পারে। অপরাধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ছবি অথবা ভিডিও ইমেজের মাধ্যমে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।”