২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমীহ আদায়ই সবচেয়ে বড় অর্জন: হাবিবুল

বিশ্বকাপ এবং তাতে বাংলাদেশ দলের সাফল্য বোঝার মতো বোধবুদ্ধি হতে ওর আরো অনেকদিন সময় লাগবে। তবুও বৃহষ্পতিবার সাতসকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ফেরত বাংলাদেশ দলকে স্বাগত জানাতে যাওয়া বিশাল দলটাতে দাইয়ান ছিল। জানাচ্ছেন মাসুদ পারভেজ। ওই দলের সর্বকনিষ্ঠ সদস্য। বয়স কাটায় কাটায় ৪০ দিন। জন্মের পর থেকে এদিনটা পর্যন্ত বাবার সান্নিধ্য একদমই পাওয়া হয়নি তার। সেটা পুষিয়ে দিতেই হয়তো ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছিলেন বাবা জাভেদ ওমর।

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ভারতকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর দিন সকালে প্রথম সন্তানের জন্মের খবর শুনেছিলেন জাভেদ। ৫ উইকেটের ওই জয়ের পর তো সবার একই দাবি শুনতে হচ্ছিল জাভেদের স্ত্রীকে,“সবাই বলছিলেন ওর নাম যেন বিজয় রাখি।” তা না রাখলেও একযুগের সাধনার পর প্রথম বিশ্বকাপ খেলার অর্জন নিয়ে দাইয়ানের বাবা বিজয়ের সুবাস নিয়ে ফিরেছেন।

ব্যক্তিগত অর্জন জাভেদের মতো আরও অনেকেই সমৃদ্ধ করে নিয়ে এসেছেন। এই যেমন বিশ্বকাপে বল হাতে বাংলাদেশের সেরা পারফরমার আব্দুর রাজ্জাক শিকার সংখ্যার বাইরেও স্মৃতির লকারে মণিমুক্তোর মর্যাদা দিয়ে রাখার মতো অর্জন ধরছেন এটাকে,“জানতাম এই বিশ্বকাপের পর আর খেলবেন না ব্রায়ান লারা। আর কখনো এতো বড়ো ব্যাটসম্যানের বিপক্ষে বল করা হবে না, এটা মাথায় কাজ করছিল খুব। তাই খুব করে চাইছিলাম ওর উইকেটটা যেন পাই। শেষ পর্যন্ত পেয়েছিও।” বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর সৈয়দ রাসেলের বোলিংয়ে গতির অভাব নিয়ে কথা উঠেছিল খুব। বাঁ হাতি এই পেসার জবাবে বলেছিলেন,“গতি না থাকলেও এমন কিছু আছে যা আমি দেখাবো।” পরিসংখ্যান জানাচ্ছে এই বিশ্বকাপের মিতব্যয়ী বোলারদের তালিকার সাত নম্বরে আছেন তিনি। এমনকি এক্ষেত্রে মুত্তিয়া মুরালিধরনের চেয়েও এগিয়ে থাকা নাম রাসেল।

বাবা নেই। তবে ২৬ এপ্রিল তামিম ইকবালের বাবা-মায়ের বিয়েবার্ষিকী। এদিনে ‘ভারত বধ’ এর চিত্রনাট্য লেখা ইনিংস খেলার তৃপ্তি নিয়ে ফিরেছেন তিনি। ইংল্যান্ডে দিন চারেকের ছুটি কাটিয়ে আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে শেষপর্যন্ত দলের সঙ্গেই দেশে ফেরা মোহাম্মদ আশরাফুল ব্যক্তিগত সেসব অর্জনের যোগফলেই তুলে ধরছেন দলীয় সাফল্যকে,“আসলে এবার যে বিশ্বকাপটা আমাদের ভালো কাটলো, তার কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা।”

‘খুব ভালো’ বলা যেত, যদি আয়ারল্যান্ডের কাছে হেরে না বসত। ওই হার বাংলাদেশের বিশ্বকাপ সাফল্যকে কিছুটা পানসে করে দিয়েছে ঠিকই। ক্রিকেটের সর্বোচ্চ আসরে নিজেদের অর্জনের খাতায় এটাকে ‘কালো দাগ’ ধরলেও আপত্তি উঠবে না কোনো। তবু বৃহষ্পতিবার সকালে দেশে ফেরার পর মুঠোভরা প্রাপ্তির কথাই বললেন হাবিবুল বাশার। বাংলাদেশ অধিনায়কের ভাষায়,“আমরা খুব একটা খারাপ করিনি। অবশ্যই কিছু ম্যাচ খুবই হতাশাজনক ছিল আমাদের জন্য। তবে আপনি যদি সার্বিকভাবে চিন্তা করেন, তাহলে এই বিশ্বকাপ থেকে প্রতিপক্ষের অনেক সমীহ নিয়ে ফিরে এসেছি আমরা। এটাই আমাদের সবচেয়ে বড়ো অর্জন।”

বাংলাদেশ দলের সঙ্গে কোচ ডেভ হোয়াটমোরের এবারের ফেরাটা একটু অন্যরকম। ৩০ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরোবে। সেই অর্থে বিশ্বকাপই ছিল তার শেষ অ্যাসাইনমেন্ট। তবু ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে আপদকালীন দায়িত্ব পালনে রাজি হয়েছেন তিনি। দীর্ঘ বিমান ভ্রমনের ক্লান্তি তার চোখেমুখে ভর করেছিল। এর মধ্যে বিমানবন্দরে সংবাদমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি তার মেজাজ বিগড়ে দিয়ে থাকবে হয়তোবা। তাই তাদের মুখোমুখি হয়ে তার ভব্যতার সীমা ছাড়ানো আচরণ উপস্থিত অনেককেই আহতও করলো খুব। বিদায়বেলায় অবশ্য বাংলাদেশের ভবিষ্যত করণীয় বাতলে দিচ্ছেন ঠিকই।

প্রতিপক্ষের সমীহ আদায় করে ফেরার তৃপ্তির ঢেঁকুর তুলেই দিন কাটিয়ে দেওয়ার সুযোগ আর বাংলাদেশের নেই, মনে করিয়ে দিলেন তিনি,“এখনও আমরা বড়ো দল নই। র‌্যাঙ্কিংয়ে এখনও আমাদের অবস্থান নয় নম্বরে। উন্নতি করে চলেছে, এমন একটা দলই বলতে হবে আমাদের। বড়ো দলগুলোকে হারানোর ব্যাপারটা ধরে রাখতে হবে। জয় পেতে হবে ধারাবাহিকভাবে।” কোচ কথাগুলো বলে উঠে যাওয়ার পর তার সঙ্গে একমত পোষণ করলেন অধিনায়কও,“কোচ একটু আগেই বলে গেছেন, আমরা উন্নতি করে চলা একটা দল। আমাদের এখন যেদিকটা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে ধারাবাহিকতা। সব ম্যাচেই ভালো করবো, এমন দলও আমরা এখনও হয়ে উঠতে পারিনি।”

“দলের ব্যাটিং নিয়ে আমি অবশ্যই খুশি নই। আসলে তিন বিভাগেই আরও ভালো করার দরকার ছিল আমাদের। যেদিনই ওই তিন বিভাগে ভালো খেলেছি সেদিনই জিতেছি। যেকোনো দলকে হারিয়ে দিচ্ছি। কিন্তু যেদিন খারাপ খেলছি, সেদিন খুব বাজেভাবে হারছি। যেদিন ধারাবাহিকভাবে ভালো করতে পারবো, সেদিনই নিজেদের বড়ো দল বলবো।” বড় দলের তকমা আঁটার আগে নিজেদের এরকমই দেখতে চান বাংলাদেশ অধিনায়ক।

তার আগে হাবিবুল দেখেছেন, দেশ ছাড়ার আগে বলে যাওয়া সুপার এইটের লক্ষ্যে এই দলটাই তাকে পৌছে দিয়েছে। মুখে না বললেও বাংলাদেশকে নতুন যুগে পৌঁছে দেওয়ার দাবি এখন করতেই পারে হাবিবুল এন্ড কোম্পানি।