২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপটা তারপরও ক্লান্তিকর!

কয়েক মাস আগেও ওয়ানডেতে তার পারফরম্যান্স নিয়ে গুঞ্জন চলছিল অস্ট্রেলিয়া জুড়ে। তবে বিশ্বকাপে ম্যাথু হেইডেনের ব্যাটের তান্ডবে সে সব এখন উধাও! ৬ ম্যাচে দুটো সেঞ্চুরিসহ ৮৭.২০ গড়ে ৪৩৬ রানই জানিয়ে দিচ্ছে ক্রিকেটের সেরা আসরে কতটা দুর্দান্ত ফর্মে আছেন হেইডেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 09:46 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

তবে নিজে ব্যাট হাতে দারুণ সময় কাটালেও বিশ্বকাপের দীর্ঘস্থায়ীত্ব নিয়ে হেইডেন বেশ চিন্তিত। ক্রিকেট মহাযজ্ঞকে অনেকটা ক্লান্তিকরই মনে হচ্ছে তার কাছে, “সত্যি, বিশ্বকাপটা বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে। সবাই তা মানবেন। টুর্নামেন্টটার যা কাঠামো, অর্থাৎ দিনে একটা করে ম্যাচ সেটা মোটেও ঠিক নয়। দিনে একাধিক ম্যাচের আয়োজন করে টুর্নামেন্টের স্থায়িত্ব কমিয়ে আনা যেতে পারতো।” তাই বলে ছোট দলগুলোকে বিশ্বকাপের বাইরে রাখার পক্ষপাতী নন হেইডেন, “ছোট দলগুলোর বিশ্বকাপে খেলা উচিৎ কি না তা নিয়ে তর্ক করতে পারে। তবে ছোট দলগুলো দুর্দান্ত পারফর্ম করছে এই মুহূর্তে। বিশ্বকাপে সুযোগ দেয়ার মাধ্যমেই তাদের পুরস্কৃত করা উচিৎ।”

বিশ্বকাপে রান্যের বন্যায় প্রতিপক্ষকে ভাসাতে ভাসাতে বেশ কিছু অনন্য রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়েছেন ম্যাথু হেইডেন। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৬ বলে) এখন তিনি। এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার অন্যতম দাবীদার হেইডেন এক পঞ্জিকা -- বর্ষে সবচেয়ে কম সময়ে ওয়ানডেতে হাজার রান করার রেকর্ডটাও নিয়ে ফেলেছেন দখলে।

এত দিন ১৯৯৯ সালের ২৯ মে হাজার রান স্পর্শ করা রাহুল দ্রাবিড় ছিলেন এ  রেকর্ডের মালিক। গত ৩১ মার্চ বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৪৭ রান করার পথে সেটা নিজের করে  নেন হেইডেন। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম ম্যাচ খেলে হাজার রান করার কৃতিত্ব অবশ্য ডেভিড গাওয়ারের। ’৮৩তে মাত্র ১৭ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ব্যাটসম্যান। হেইডেনের তার চেয়ে এক ম্যাচ বেশি খেলতে হয়েছে।

ওয়ানডের সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ’৯৬ ও ’৯৮ -- তে দু বার হাজার রানে পৌঁছেছিলেন ১৯ ম্যাচ খেলে। এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও ‘লিটল জিনিয়াস’-- এর দখলে। ’৯৮ তে বেশ কয়েকটা ম্যাচে অস্ট্রেলিয়া ও শেন ওয়ার্নকে ‘বিধ্বস্ত’ করে দিয়ে ১৮৯৪ রান করেছিলেন ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। তবে সেই রেকর্ড যে এখন হুমকির মুখে, তা নির্দ্বিধায় বলে দেয়া যায়। অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে বিশ্বকাপে আরো ৫ টা ম্যাচ খেলার সুযোগ পাবেন হেইডেন। এই বছরই ভারতের সঙ্গে ১০টা ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। এবং অস্ট্রেলীয় সরকার অনুমতি দিলে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টা। ২০০৭ -- এ ইতিমধ্যেই ১০৪২ রান করে ফেলা হেইডেনের সামনে তাই টেন্ডুলকারের কাছ থেকে রেকর্ডটা কেড়ে নেয়ার জোরালো সম্ভাবনা।