২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময় বেঁধে দেয়া হলো টেন্ডুলকার, যুবরাজকে

৭ দিন সময় দেয়া হলো শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংকে। এর মধ্যে দু জনকেই গ্রেগ চ্যাপেল সম্পর্কে মিডিয়ার কাছে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই ক্রিকেট তারকার কাছে ইতিমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ঘটনার শুরু গ্রেগ চ্যাপেলকে দিয়েই। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর দেশে ফিরে ভারতের সদ্য বিদায়ী কোচ নাকি কয়েক জন সিনিয়র ক্রিকেটারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইঙ্গিতটা সবচেয়ে বেশি ছিল টেন্ডুলকারের দিকেই। আর সেই অভিযোগ শুনে ৪ এপ্রিল ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে কথা বলার সময় টেন্ডুলকার তার মনের ক্ষোভ আর হতাশা একেবারে উগরে দিয়েছিলেন চ্যাপেলের বিরুদ্ধে। এর ঠিক দু দিন পর একটি টিভি চ্যানেলকে যুবরাজ জানিয়েছিলেন ভারতের সব ক্রিকেটারেরই সমর্থন আছে টেন্ডুলকারের প্রতি। তবে আচরণবিধির পরিপন্থী বলে দু’জনের কাছেই এ সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে বিসিসিআই, “গতকাল (সোমবার) এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে দু জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ৭ দিনের মধ্যে এ সম্পর্কে জানাতে হবে তাদের।”

Cricinfo-এর সহায়তায়