সেই পুরনো ভুত যেন ফিরে আসছে আবার
১০ উইকেটের জায়গায় ৯ উইকেট! ১০৪ এর জায়গায় এদিন ১৭৪! অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ থেকে সংখ্যাগত হিসাবে এটা বাংলাদেশের উন্নতি। নইলে বাকি যা তার সবটুকুই এমন লজ্জার যে মনে হয় বাংলাদেশ ঠিক করেছে যে বিশ্বকাপে যা অর্জন করেছিল তার সবটাই বর্জন করেও যাবে। নইলে দেশে গেলে সংবর্ধনার পালা চলবে, নানা টানা-হ্যাঁচড়া, তার চেয়ে খাতা সমান করে গেলে কোনো ঝামেলা নেই।
অস্ট্রেলিয়ার এমন কিছু প্রতিশোধের নেশা ছিল না। কার্ডিফের হারের বদলা তারা আগেই বেশ কয়েকবার নিয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের ওটা ছিল। ছিল বলেই তারা ছিল সতর্ক। আর অন্তর্গত একটা নেশা তো ছিল। সতর্কতাটা শেষ হয়ে গেলো বোলিংয়ের সময়ই, তারপর ব্যাটিংয়ে এসে তারা চরিতার্থ করল জিঘাংসা। বাউন্ডারির পর বাউন্ডারি। ছক্কার পর ছক্কা। ফ্লেমিং তো একবার সাকিবকে এমন উড়িয়ে মারলেন যে বলটা কোনোরকমে মাঠের সীমানার মধ্যে থাকল। তেমনি একটি বিশাল ছক্কায় পূরণ করলেন সেঞ্চুরি। হামিস মার্শাল খেলা শেষ করলেন আরেকটি ছক্কায়। সেটা আবার পূরণ করে দিল তার ফিফটি। চার-ছক্কা-সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি সবকিছুর এমন ফুলঝুরি ১৭৪ রান তাড়া করতে গিয়ে তখনই সম্ভব যখন পেছনে থাকে জিঘাংসা। প্রতিশোধের দুর্নিবার নেশা।
ক্রিকেটে নিউজিল্যান্ড সবসময়ই একটা রহস্যের দল। চোখে লাগে না কিছুই, কিন্তু কাজের কাজ ঠিকই করে যায়। ওদের খেলায় তারকাদ্যুতির চেয়ে বুদ্ধির দীপ্তি সবসময়ই আগে। হিসেবি এবং অংক করা ক্রিকেট ওদের। সেই অংকটা ম্যাচ শুরুর আগেই ওদের সাবধান করে রেখেছিল। পচা শামুকে যেন দ্বিতীয়বার পা না কাটে। টস জিতেই তাই ফিল্ডিং। মানে বাংলাদেশের ব্যাটিং। সেই ব্যাটিং, যাকে নিয়ে গত কয়েক ম্যাচে অনেক লাফালাফির পর এখন দেখা যাচ্ছে লাফালাফিতে পড়ে গিয়ে কুচকে-মচকে একাকার। এমনই যে ভালো শুরু-খারাপ শুরু যা-ই কিছু হোক না কেন শেষপর্যন্ত তারা তাদের জায়গাতেই থাকবে। ত্রিনিদাদে বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছিলাম। কিন্তু অ্যান্টিগায় এসে দেখছি সেই পুরনো ভুতকে। যে ভুত বাংলাদেশকে পুরনো বাংলাদেশ বানাতে মরিয়া আর বাংলাদেশের ব্যাটসম্যানরাও তাকে সাহায্য করতে হাত-ব্যাট দুটোই বাড়িয়ে বসে।
জাভেদ ওমর কাল তার স্বপ্নের বিশ্বকাপ অভিষেক ম্যাচটি খেললেন। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের টোটকায় তামিম শুরু থেকেই আত্মঘাতি নন। কাজেই জুটিটা মোটামুটি জমে গেলো। রানের গতি স্লথ, কিন্তু সকালের উইকেটে শুরুর তোপটা সামলে নেয়াই ওপেনারদের প্রাথমিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করলেন ওরা ৫৫ রানের ইনিংসে। কিন্তু ওপেনাররা যেদিন দায়িত্ব পালন করেন সেদিন আবার পুরনো বাংলাদেশের মতো অন্যরা অন্যরকম সিদ্ধান্ত নেন। আফতাব ঠিক করে রাখেন মসৃন চলতে থাকা ইনিংসটাকে শেষ করবেন তিনি মনসংযোগ হারানো এক শটে। হাবিবুল ঠিক করে রাখেন, তিনি বিলাসী দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হবেন। তাই বিনা উইকেটে ৫৫, ২ উইকেটে ১০২ থেকে ১৭৪। তাও ভাগ্যিস, শেষ দিকে রফিক কিছু পাল্টা আক্রমণে গিয়েছিলেন, নইলে তো ১৪০ রানেই ৯ উইকেট পড়ে গিয়েছিল। প্রথম চার ব্যাটসম্যানের সবার রান ২০-৩০ এর মধ্যে, মানে সবাই সেট, এখন একটা দলের চারজন টপ অর্ডার ব্যাটসম্যান সেট হয়েও যদি না হয় তাহলে কিছুতেই আসলে হবে না। এভাবে শীর্ষ ব্যাটসম্যানদের শ্মশানমুখী মিছিল এবং শেষদিকে রফিকের মতো লেজের দিকের কারো ঘুরে দাঁড়ানোতে মান-সম্মান আংশিক রক্ষা। এটা তো মহসিন কামালের আমলের বাংলাদেশ। না। ভুতটা বোধহয় ফিরেই এল। এবং বোলিংয়েও সেই ভূত। ঠিক যে ১৭৪ রান নিয়ে এমন কিছু করা যায় না, কিন্তু বাংলাদেশের এই বোলাররাই কি ভারতীয় ব্যাটসম্যানদের ১৯১ রানের মধ্যে শেষ করেননি। সৌরভ-টেন্ডুলকারদের পুতুল নাচ এরাই কি নাচাননি! কোথায় সেই দিন! কোথায় সেই পারফরম্যান্স!
না। নিউজিল্যান্ড ম্যাচের বাংলাদেশ সত্যিই ভয় পাইয়ে দিল। আরও চারটা ম্যাচ বাকি, তার মধ্যে বড় তিন দল আছে, এমন অধোগতি অটুট থাকলে তো আয়ারল্যান্ডও...
অ্যান্টিগার রোদেলা দুপুরে মানুষের ভীড়েও একটা ভুত যেন দেখতে পাচ্ছি। সেই ভুত যাকে তাড়ানোর চেষ্টা অনেকদিনের।
ত্রিনিদাদে মনে হচ্ছিল ভুতটা চিরতরে বিদায় নিয়েছে।
অ্যান্টিগায় এসে মনে হচ্ছে একটুও বিদায় নেয়নি। ঘাড় মটকাতে ফিরে আসছে আবার।
