২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার হত্যা তদন্তে সাহায্য করবে পাকিস্তান

অবশেষে বব উলমার হত্যা তদন্তে সাহায্য করার ঘোষণা এল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে। জ্যামাইকান পুলিশকে সাহায্য করার জন্য পিসিবি একটা প্রস্তাব রেখেছিল পাকিস্তান সরকারের কাছে। সেই প্রস্তাবে সাড়া দিয়েছে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সরকার। এখন শুধু জ্যামাইকান পুলিশের অনুমোদনের অপেক্ষা। সেটা পেয়ে গেলেই তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হবে উলমারের হত্যা রহস্য উদ্ঘাটনে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আমি প্রধানমন্ত্রীর (শওকত আজিজ) সঙ্গে দেখা করে আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম। জ্যামাইকান পুলিশকে সাহায্যের জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানোর সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি”---- জানিয়েছেন পিসিবি’র চেয়ারম্যান নাসিম আশরাফ। এই প্রতিনিধি দলে এক জন করে সিনিয়র কূটনীতিক, পিসিবি কর্মকর্তা ও সিনিয়র তদন্তকারী কর্মকর্তা থাকার কথা।

ক্রিকেট দুনিয়াকে হতবাক করে দেয়া সর্বকালের অন্যতম সেরা কোচ উলমারের হত্যা রহস্য উদ্ঘাটনে পিসিবি যে কতখানি ব্যগ্র, তা প্রকাশিত হয়েছে নাসিম আশরাফের কথাতেও। তার দৃঢ় বিশ্বাস এই প্রতিনিধি দল তদন্তে সাহায্য করার অনুমতি পেলে তা অনেকখানি কাজে আসবে জ্যামাইকান পুলিশের, “উলমার ছিলেন আমাদের প্রিয় এক জন মানুষ। আর তাই আমরাও এই রহস্যের গভীরে যেতে চাই। তিনি কিভাবে মারা গেলেন, কেন তাকে খুন করা হল এবং কে এর জন্য দায়ী সে সব প্রশ্নের উত্তর চাই আমরাও।”