২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদেরই দোষ দিলেন কুম্বলে

অনেকের মতেই ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ যে দলের ব্যাটিংয়ের স্তম্ভ, তাদের বিপক্ষে তো কোনো বোলিং আক্রমণেরই সমস্যায় পড়ার কথা। অথচ মেলবোর্ন টেস্টে তা বোঝাই যায়নি। লি-ক্লার্ক-জনসন-হগদের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছেন ভারতের ব্যাটসম্যানরা। আর তাই দুই ইনিংসের একটিতেও দু শ' রান স্পর্শ করতে পারেনি 'টিম ইন্ডিয়া'। প্রথম টেস্টে চার দিনের মধ্যে ৩৩৭ রানের বিশাল পরাজয়ের জন্য স্বাভাবিকভাবেই ভীষণ বিমর্ষ অনিল কুম্বলে। এভাবে নাস্তানাবুদ হওয়ার জন্য ম্যাচশেষে ব্যাটসম্যানদেরই দোষ দিলেন ভারত অধিনায়ক। অন্যদিকে টানা ১৫ টেস্টে জয় পাওয়ায় রিকি পন্টিং সবচেয়ে বেশি প্রশংসা করলেন তার দলের বোলারদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেকের মতেই ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ যে দলের ব্যাটিংয়ের স্তম্ভ, তাদের বিপক্ষে তো কোনো বোলিং আক্রমণেরই সমস্যায় পড়ার কথা। অথচ মেলবোর্ন টেস্টে তা বোঝাই যায়নি। লি-ক্লার্ক-জনসন-হগদের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছেন ভারতের ব্যাটসম্যানরা। আর তাই দুই ইনিংসের একটিতেও দু শ' রান স্পর্শ করতে পারেনি 'টিম ইন্ডিয়া'। প্রথম টেস্টে চার দিনের মধ্যে ৩৩৭ রানের বিশাল পরাজয়ের জন্য স্বাভাবিকভাবেই ভীষণ বিমর্ষ অনিল কুম্বলে। এভাবে নাস্তানাবুদ হওয়ার জন্য ম্যাচশেষে ব্যাটসম্যানদেরই দোষ দিলেন ভারত অধিনায়ক। অন্যদিকে টানা ১৫ টেস্টে জয় পাওয়ায় রিকি পন্টিং সবচেয়ে বেশি প্রশংসা করলেন তার দলের বোলারদের। অস্ট্রেলিয়ার চিরাচরিত ফাস্ট-বাউন্সি উইকেটের মতো ছিল না মেলবোর্ন ক্রিকেট মাঠের এবারের উইকেট। কিন্তু ধীরগতির উইকেটেও ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানদের একটুও স্বস্তিতে থাকতে দেননি অস্ট্রেলীয় বোলাররা। কুম্বলের মতে, উইকেটের সঙ্গে ব্যাটসম্যানদের মানিয়ে নেয়ার ব্যর্থতা তার দলের পরাজয়ের অন্যতম কারণ, "উইকেটটা বেশ ধীর গতির ছিল বলে শট খেলা সহজ ছিল না। আসল ব্যাপার হলো (উইকেটের সঙ্গে) মানিয়ে নেয়া। কিন্তু সেটা আমরা করতে পারিনি।" টেস্টে টেন্ডুলকার-দ্রাবিড়-সৌরভ-লক্ষ্মণের সম্মিলিত রান প্রায় ৩৩ হাজার হলেও মেলবোর্নে মাত্র একটা ফিফটির দেখা পেয়েছে ভারত --- প্রথম ইনিংসে টেন্ডুলকারের ৬২। তবে তার চেয়েও বড় কথা প্রায় প্রত্যেকটি রানের জন্য ভারতের ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলীয় বোলারদের নিখুঁত লাইন-লেন্থের সামনে প্রথম ২২ ওভারে মাত্র ৩১ তুলতে পেরেছে তারা! দ্বিতীয় ইনিংসে অবস্থা আরো শোচনীয়। দলীয় ৫০ এসেছে ৩২তম ওভারে! প্রতিপক্ষের বোলারদের সামনে ব্যাটসম্যানদের এমন নতজানু হয়ে পড়াকেও পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন কুম্বলে, "ব্যাটিংয়ে আমরা সম্মিলিতভাবে ব্যর্থ। ব্যাপারটা এমন নয় যে কাউকে ১০০ রান করতেই হবে। আসল কথা হলো নিয়মিতভাবে দলের ৩৫০/৪০০ রান করা দরকার। কোনো টেস্ট ম্যাচে জিততে হলে ইতিবাচক ও ভালো রান রেটের খুব প্রয়োজন। আমি নিশ্চিত (আগামীতে) আমাদের রান রেট ভালো হবেই। আমাদের ব্যাটসম্যানদের সে ক্ষমতা আছে।" কুম্বলের ঠিক বিপরীত অবস্থা পন্টিংয়ের। প্রায় উপমহাদেশের মতো উইকেটে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ উৎফুল্ল অস্ট্রেলীয় অধিনায়ক। ম্যাচশেষে তাই সবার আগে তিনি প্রশংসায় সিক্ত করলেন লি-ক্লার্ক-জনসনদের, "এটা খুবই তৃপ্তিদায়ক জয়। কারণ আমরা যে উইকেটে খেলেছি সেটা অনেকটা উপমহাদেশের মতো। আর আমরা সেখানে খুব ভালো ভাবেই মানিয়ে নিয়েছি। দ্বিতীয় দিনের শুরুতে আমরা এমনভাবে বল করেছি যে স্কোরবোর্ডে রানই উঠছিল না। ভারতের ব্যাটসম্যানরা তখনই চাপের মধ্যে পড়ে গিয়েছিল। এই ম্যাচের শুরুতেই আমরা নিজেদের আগ্রাসী মনোভাবটা বুঝিয়ে দিতে পেরেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১২ঘ.