পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯৫ রানে শেষ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে ফলোঅন করানোর সুযোগ ছিল। কিন্তু ২১৩ রানের লিড পাওয়া ক্যারিবীয়রা আবার ব্যাট করতে নেমেছিল। সেই দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করেছে তারা ৮ উইকেট হারিয়ে। সব মিলিয়ে ২ উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ৩৫৯ রানে। বলার মতো লিড, কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের কারণে তৃতীয় দিনশেষে তাদের চেয়ে দক্ষিণ আফ্রিকাই সম্ভবত বেশি খুশি।
৫ উইকেটে ১২২ রান নিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকাকে দিনের তৃতীয় ওভারেই ধাক্কা দিয়েছেন জেরম টেলর। তার বলে ড্যারেন পাওয়েলকে ক্যাচ দিয়েছেন মার্ক বাউচার। দ্বিতীয় দিনশেষে ১৮ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার আউট হওয়ার আগে আর মাত্র ২ রান যোগ করতে পেরেছেন স্বাগতিকদের উইকেট কিপার।
তবে অন্য অপরাজিত ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স তাতে দমে যাননি। টেস্টে দ্বাদশ ফিফটি করা ডি ভিলিয়ার্স শেষ ভরসা হয়ে ছিলেন দলের জন্য। কিন্তু তিনি ৫৭ রান করে ব্রাভোর প্রথম শিকারে পরিণত হওয়ার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়েছে দক্ষিণ আফ্রিকার টেল এন্ড। ব্রাভো একে একে ফিরিয়ে দিয়েছেন পল হ্যারিস (৯), আন্দ্রে নেল (১৬) ও ডেল স্টেইনকে (৭)। ২৪ রানে ৪ উইকেট নেয়া ব্রাভোই ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার। টেলর ও পাওয়েল নিয়েছেন ৩টি করে উইকেট।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঝড়ের বেগে শুরু করেছেন ক্রিস গেইল। স্টেইনের এক ওভারে ৩টি চার ও একটি ছক্কা সহ ১৯ রান তুলে নেয়া ক্যারিবীয় অধিনায়ককে থামিয়েছেন এনটিনি। কট বিহাইন্ড হওয়া গেইল ২২ বলে করেছেন ২৯ রান। রুনাকো মর্টন বেশি দূর যেতে পারেননি। মাত্র ৫ রান করা মর্টনকে নিজের প্রথম বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ক্যালিস।
ড্যারেন গঙ্গা খেলছিলেন আস্থার সঙ্গে। কিন্তু হার্শেল গিবসের সরাসরি থ্রোতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেছেন তিনি। তার আগে ৪৫ রান করে গেছেন গঙ্গা। স্টেইনের করা পরের ওভারে স্যামুয়েলসও (৪০) বোল্ড। এর পর স্টেইন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চন্দরপল (৮) ও রামদিন (০) এবং হ্যারিস ব্রাভো (১০) ও স্যামিকে (৩) ফিরিয়ে দেয়ায় দিনটা হাসি মুখে শেষ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্টেইন তিনটি ও হ্যারিস নিয়েছেন দুই উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩০ঘ.
bdnews24