ঢাকা, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ত্রোপচার এড়িয়ে সৈয়দ রাসেলের চিকিৎসা হওয়া সম্ভব কিনা, সেটা জানার অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। তার নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেলেও এতো দিন তাকে দলের সঙ্গে রেখে দেয়া হয়েছিল এজন্যই। অস্ত্রোপচার করানোর প্রয়োজন হলে হয়তো নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরতে হতো এই বাঁ হাতি পেসারকে। কিন্তু হ্যামিল্টনের অস্থিবিশেষজ্ঞরা অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন। সেই সঙ্গে রাসেলকে বিশ্রামে রেখে ফিজিওথেরাপির মাধ্যমে নিরাময়ের পথও বাতলে দিয়েছেন তারা। তাই টিম ম্যানেজমেন্ট মঙ্গলবার রাসেলকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বুধবার।
১৬ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ওয়ানডে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন রাসেল। মাঠেই তাকে দেখেন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নর্দার্ন নাইটসের ডাক্তার হ্যারিস। এরপর হাসপাতালে নিয়ে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোট পরীক্ষা করে জানা যায়, তার বাম কাঁধের কলার বোন স্থানচ্যূত হয়েছে। এক্সরে-তে তৃতীয় স্তরের স্থানচ্যূতি ধরা পড়ে। এরপর হ্যামিল্টনের দুই অস্থিবিশেষজ্ঞ ডাক্তার হং এবং ক্রিস্টোফার ও'মিঘাম দেখেন রাসেলকে। অস্ত্রোপচার নয়, ফিজিওথেরাপির মাধ্যমে রাসেলকে সারিয়ে তোলার পরামর্শ দিয়েছেন ডাক্তার ও'মিঘামই। তবু আরো বিশেষজ্ঞ মতামতের জন্য রাসেলের সব এক্সরে এবং অন্যান্য রিপোর্ট মেলবোর্নে ডাক্তার ট্রেফর জেমসের কাছে পাঠানো হয়েছে। তার জবাব অবশ্য এখনো পাওয়া যায়নি।
দেশে ফেরার পর জাতীয় দলের ফিজিও ড্যারেন লিফসনের পরামর্শ অনুযায়ী কাজ করবেন রাসেল। এর মধ্যেই তাকে পুনর্বাসন কাজের পদ্ধতিটাও বুঝিয়ে দিয়েছেন ফিজিও। যে অনুযায়ী কাজ করলে জানুয়ারি মাসের শেষ নাগাদ রাসেল আবার বোলিং করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০৫ঘ.
bdnews24