বেঙ্গালুরু, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফসোস হতেই পারে অনিল কুম্বলের। ইনিংস ঘোষনাটা আরেকটু আগেই করলে ফলাফলটা অন্যরকম হতেও পারত বেঙ্গালুরু টেস্টের। আলোক স্বল্পতায় ১২ ওভারেরও বেশি থাকতে খেলা শেষ হয়ে যাওয়ায় অসাধারণ এক জয়বঞ্চিত হওয়ার বেদনায় পুড়েছে ভারত। ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬২ রান তুলেছে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে। ম্যাচ ড্র। আর দিল্লী টেস্ট জয়ের সুবাদে ২৮ বছর পর পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে সিরিজ জিতেছে ভারত।
২ উইকেটে ১৩১ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। তৃতীয় উইকেট জুটিতে রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলী ১৫২ রান যোগ করার পর ছোটখাট এক ধ্বস নামে ভারতীয় ইনিংসে। দানিশ কানেরিয়ার বলে এলবিডব্লু হয়ে ফেরেন দ্রাবিড় (৪২)। পরের ওভারের প্রথম বলেই সৌরভকে ফেরান মোহাম্মদ সামি। গালিতে দারুণ এক ক্যাচ নিয়েছেন ফয়সাল ইকবাল। ১৩৪ বলে খেলা ১২টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ৯১ রানের ইনিংসটি খেলার পথে এক ক্রিকেট বর্ষপঞ্জীতে ১ হাজার টেস্ট রানের মাইল ফলক পেরিয়েছেন সৌরভ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান যুবরাজ সিং ২ রান করে কামরান আকমলের গ্লাভসবন্দী হয়েছেন সামির বলে। সেখান থেকে পঞ্চম উইকেটে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক। ১৪ রান করে শোয়েবের বলে আঘাত পেয়ে লক্ষ্মণ আহত অবসর নেওয়ার পর আরেক সেঞ্চুরিয়ান ইরফান পাঠান জুটি বাঁধেন কার্তিকের সঙ্গে। ৫৯ রানের জুটিটি ভেঙ্গেছেন ইয়াসির আরাফাত। আকমলের দ্বিতীয় ক্যাচ হওয়ার আগে ৫২ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন কার্তিক। ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে এর পরপরই ইনিংস ঘোষণা দেন। পাঠান অপরাজিত থেকে যান ২১ রানে।
৪৮ ওভারে ৩৭৪ রানের জয়ের লক্ষ্য। পাকিস্তান কোনোভাবেই ম্যাচ জিততে পারবে না সেটা নিশ্চিত করার পরই ইনিংস ছাড়েন কুম্বলে। কিন্তু ম্যাচটা যে পাকিস্তান হেরে যেতে পারে সেটা সম্ভবত মাথায় আসেনি কুম্বলের। যখন এসেছে দেরি হয়ে গেছে অনেক। পাকিস্তানের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা কুম্বলের হাতেই। ভাঙ্গা উইকেটে অসমান বাউন্সের সুযোগ নিয়ে তাতে যোগ দিয়েছেন যুবরাজ সিংও। ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন ইয়াসির হামিদ ও সালমান বাট। হামিদকে (৩৯) বোল্ড করে শুরু করেন কুম্বলে। দু'বল পর তাকে ফিরতি ক্যাচ দিয়েছেন পাকিস্তান অধিনায়ক ইউনিস খান (০)। রাহুল দ্রাবিড়ের সৌজন্যে একবার জীবন পাওয়া আরেক ওপেনার বাট (৮) উইকেট কিপার আকমলের গ্লাভসে জমা পড়েছেন দলীয় ৭৩ রানের মাথায়।
কুম্বলের এই তোপ সামলে পাল্টা প্রতিরোধে নামেন ফয়সাল ইকবাল (৫১) ও মিসবাহ-উল হক (৩৭)। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়েছেন দুজন। পরের চার ওভারে মাত্র ১০ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ৪৮ বলে ফিফটি করা ফয়সাল কুম্বলেকে হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন ইশান্ত শর্মাকে। পরের বলেই কামরান আকমলকে (০) বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কুম্বলে। ১০ রান করে অপরাজিত থাকা মোহাম্মদ ইউসুফ ঠেকিয়েছেন তা। পরপর দু'ওভারে মিসবাহ (৩৭) ও ইয়াসির আরাফাতকে (০) বোল্ড করে হঠাৎই ভারতীয় শিবিরে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন জাগিয়ে তোলেন যুবরাজ। কিন্তু দিনের আলো ততক্ষণে কমে এসেছে। আম্পায়ারদের সামনে খেলা বন্ধ করা ছাড়া উপায় ছিল না কোনো।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর সেঞ্চুরিটি পেয়ে গেলে ৯৯তম টেস্টটি অসাধারণ এক কীর্তির স্মারক হতো সৌরভের। তাই বলে যা করেছেন তাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল তার ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া। পাশাপাশি ম্যান অব দ্য সিরিজও হয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৪০ঘ.
bdnews24