২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই বিদায় নেয়ার কোনো ইচ্ছা নেই ম্যাকগিলের

বেশ কিছু দিন ধরে তার ভবিষ্যত নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে নানা জল্পনা, নানা গুঞ্জন। ডান কব্জির ইনজুরি তার ক্যারিয়ার শেষ করে দেবে নাকি তিনি খেলা চালিয়ে যাবেন --- এ সংক্রান্ত গুঞ্জনে স্টুয়ার্ট ম্যাকগিলও বেশ বিরক্ত। মনে বিরক্তি নিয়েই তিনি আবারো জানিয়ে দিলেন আপাতত অবসর নেয়ার কোনো ইচ্ছাই তার নেই। বরং আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরের দিকে তিনি উন্মুখ হয়ে তাকিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

মেলবোর্ন, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশ কিছু দিন ধরে তার ভবিষ্যত নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে নানা জল্পনা, নানা গুঞ্জন। ডান কব্জির ইনজুরি তার ক্যারিয়ার শেষ করে দেবে নাকি তিনি খেলা চালিয়ে যাবেন --- এ সংক্রান্ত গুঞ্জনে স্টুয়ার্ট ম্যাকগিলও বেশ বিরক্ত। মনে বিরক্তি নিয়েই তিনি আবারো জানিয়ে দিলেন আপাতত অবসর নেয়ার কোনো ইচ্ছাই তার নেই। বরং আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরের দিকে তিনি উন্মুখ হয়ে তাকিয়ে। ডান কব্জির ব্যথা বেশ কিছু দিন ধরেই ম্যাকগিলকে ভোগাচ্ছে। ব্যথা নিয়েই শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন। তবে এখন সেটা বেড়ে যাওয়ায় অস্ত্রোপচারের দ্বারস্থ হতে হচ্ছে তাকে। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই লেগস্পিনারকে। যার অর্থ ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চার টেস্ট সিরিজের অন্তত প্রথম দুটো মিস করবেন তিনি। অবশ্য শেষ দুই টেস্টে খেলতে না পারলেও বোধহয় তিনি তেমন মন খারাপ করবেন না। কারণ তার লক্ষ্য তো ঐ দুটো সফরের দিকে। হাতে যতই ব্যথা থাকুক না কেন, মাথা নিচু করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে কিছুতেই রাজি নন ম্যাকগিল, "এই মুহূর্তে আমার দৃষ্টি শুধু সফরগুলোর দিকে। আমি এভাবে শেষ করতে চাই না। কারণ আমি জানি যে ভালো বল করতে পারবো। মানসিকভাবে ভালো অবস্থাতেই এখন আছি। দুর্ভাগ্যজনকভাবে আমার শরীর যে অবস্থায় থাকা উচিৎ ছিল সে অবস্থায় নেই।" ম্যাকগিলের এই আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার পেছনে অ্যান্ড্রু হিলডিচের অবদান অনস্বীকার্য। হাঁটুতে দ্বিতীয় অস্ত্রোপচারের পর শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে অংশ নেবেন কি না তা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন ম্যাকগিল। তখন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক হিলডিচ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, সাহস যুগিয়েছিলেন। সেদিনের আশ্বাসবাণীর জন্য হিলডিচের প্রতি ম্যাকগিল ভীষণ কৃতজ্ঞ, "অ্যান্ড্রু হিলডিচ আমাকে বলেছিলেন, 'তুমি প্রথম টেস্টে খেলতে না এলেও আমি তোমাকে জানাতে চাই যে এটাই শেষ নয় (তোমার জন্য)। আমরা তোমাকে আরো কয়েক বছর পেতে চাই।' সত্যিই, কথাটা দারুণ গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য।" প্রধান নির্বাচকের কাছ থেকে আশ্বাস পেয়ে ম্যাকগিল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, "অবশ্যই আমার খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আফসোস করতে হতে পারে ভেবেই এখনই হাল ছেড়ে দিতে আমি প্রস্তুত নই। যদি আমি দীর্ঘ দিন খেলা চালিয়ে যাওয়ার দিকে দৃষ্টি দেই তাহলে এটাকে (ইনজুরিটাকে) মনে করবো একটা সামান্য হেঁচকি।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩২ঘ.