২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলেই পদত্যাগ করতে পারেন ভেংসরকার

এক সময় মনে হয়েছিল ঝামেলাটা বোধহয় শেষ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি করায় প্রধান নির্বাচক থাকা অবস্থায় পত্রিকায় আর কলাম না লেখার অঙ্গীকারও করেছিলেন দিলীপ ভেংসরকার। তবে সেই অঙ্গীকার করলেও ক্ষতিপূরণ বাবদ তিনি বোর্ডের কাছে অর্থ দাবী করা থেকে আবার গন্ডগোলের সূত্রপাত। দাবীটা শুনে বিসিসিআই এতটাই ক্ষুব্ধ হয়েছে যে জানিয়ে দিয়েছে ইচ্ছা করলে পদত্যাগ করতে পারেন ভেংসরকার!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

নয়াদিল্লী, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সময় মনে হয়েছিল ঝামেলাটা বোধহয় শেষ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি করায় প্রধান নির্বাচক থাকা অবস্থায় পত্রিকায় আর কলাম না লেখার অঙ্গীকারও করেছিলেন দিলীপ ভেংসরকার। তবে সেই অঙ্গীকার করলেও ক্ষতিপূরণ বাবদ তিনি বোর্ডের কাছে অর্থ দাবী করা থেকে আবার গন্ডগোলের সূত্রপাত। দাবীটা শুনে বিসিসিআই এতটাই ক্ষুব্ধ হয়েছে যে জানিয়ে দিয়েছে ইচ্ছা করলে পদত্যাগ করতে পারেন ভেংসরকার! ভারতের সাবেক অধিনায়ক ভেংসরকারের কলাম লিখতেন খেলা ছাড়ার পর থেকেই। এ নিয়ে বিসিসিআই আপত্তি করায় শেষ পর্যন্ত তিনি কলাম লেখা বন্ধ করতে রাজি হয়েছিলেন বটে, তবে ক্ষতিপূরণ হিসাবে দাবী করেছিলেন বেশ মোটা অংকের অর্থ। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলেও সেটা বিসিসিআই-এর মোটেও পছন্দ হয়নি। এবং বোর্ডের নীতিমালার অজুহাত দেখিয়ে তারা টাকা দিতেও রাজি হয়নি। ভেংসরকারও অবশ্য চুপচাপ বসে থাকেননি, হুমকি দিয়েছেন পদত্যাগ করার। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সেই হুমকির জবাব দিলেন একেবারে চাঁছাছোলা ভাষায়, "ভেংসরকার বিসিসিআই-কে একটি চিঠি লিখেছেন। বোর্ড নীতিমালা পরিবর্তন না করলে সরে দাঁড়ানোর কথা লিখেছেন তিনি। তবে নীতিমালায় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তাই ভেংসরকার তার সিদ্ধান্তটা স্বাধীনভাবেই নিতে পারেন।" রাজীব শুক্লার মন্তব্যেই পরিষ্কার, ভারতের প্রধান নির্বাচক হিসাবে ভেংসরকারের মেয়াদ এখন শেষের পথে। ভারতীয় মিডিয়ার ধারণা বুধবারের আগেই সরে দাঁড়াতে পারেন তিনি। সেদিন ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দল এবং অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করা হবে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.