ক্যান্ডি, শ্রীলঙ্কা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কলম্বোতে আত্মঘাতী বোমা হামলা নতুন কোনো বিষয় নয়। বুধবার শ্রীলঙ্কার রাজধানীতে দুটো বোমা হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। প্রথম টেস্ট শুরু হওয়ার ঠিক আগে ইংল্যান্ডের তো ভীত হওয়ারই কথা। তবে আতঙ্কিত হলেও সিরিজটা বাতিল করার কোনো চিন্তা এখনো উঁকি দেয়নি ইংলিশ শিবিরে। কলম্বোতে অবস্থিত বৃটিশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে তারা, পরিস্থিতি পর্যবেক্ষণও করছে মনযোগের সঙ্গে।
ইংল্যান্ড দল অবশ্য এখন কলম্বো থেকে বেশ দূরে ক্যান্ডিতে আছে। সেখানেই শনিবার থেকে শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু দ্বিতীয় টেস্ট খেলতে ৬ ডিসেম্বর কলম্বোতে ফিরতেই হবে তাদের। তার সপ্তাহ খানেক আগে বোমা হামলার ঘটনা ইংলিশদের মনে আতঙ্ক ছড়ালেও হুট করে কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। ইংল্যান্ডের মিডিয়া সমন্বয়কারী কর্মকর্তা অ্যান্ড্রু ওয়ালপোল জানিয়েছেন, "আমরা হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সফর চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আমাদের। যা ঘটেছে সেটা সফরের ওপরে কোনো প্রভাব ফেলবে না। যদিও আমরা অবশ্যই নিরাপত্তার ব্যাপারে নির্ভার থাকবো না। আর পরিস্থিতি পর্যবেক্ষণও করবো।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.
bdnews24