২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডন্সকে ভালো কিছু দেখাতে পারলেন না তারকা ব্যাটসম্যানরা

শাহরিয়ার নাফীসের সেঞ্চুরির জবাব দিয়েছেন আরেক 'নাফিস'। বরিশালের বিপক্ষে নাফিস ইকবালের সেঞ্চুরিতে লিড নেওয়ার পথে চট্টগ্রাম। প্রতিপক্ষের প্রথম ইনিংস ২৯৩ রানে শেষ করে দেওয়ার পর দ্বিতীয় দিনের শেষে তারা ৪ উইকেটে তুলেছে ২৭০ রান। তবে সিলেটের বিপক্ষে রাজশাহী যা করেছে সেটাকে 'রান এভারেস্ট' বলাই যায়। ওয়ানডের শীর্ষস্থানধারীরা বুধবার চলতি জাতীয় লিগের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ৪১৭ রান তুলে। খুলনা-ঢাকা ম্যাচে অবশ্য বোলারদেরই আধিপত্য। খুলনা ২৫৩ রানে অলআউট হওয়ার পর বিপদে আছে মোহাম্মদ আশরাফুলের ঢাকাও। ১৭৩ রান তুলতেই ৬ উইকেট নেই তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শাহরিয়ার নাফীসের সেঞ্চুরির জবাব দিয়েছেন আরেক 'নাফিস'। বরিশালের বিপক্ষে নাফিস ইকবালের সেঞ্চুরিতে লিড নেওয়ার পথে চট্টগ্রাম। প্রতিপক্ষের প্রথম ইনিংস ২৯৩ রানে শেষ করে দেওয়ার পর দ্বিতীয় দিনের শেষে তারা ৪ উইকেটে তুলেছে ২৭০ রান। তবে সিলেটের বিপক্ষে রাজশাহী যা করেছে সেটাকে 'রান এভারেস্ট' বলাই যায়। ওয়ানডের শীর্ষস্থানধারীরা বুধবার চলতি জাতীয় লিগের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ৪১৭ রান তুলে। খুলনা-ঢাকা ম্যাচে অবশ্য বোলারদেরই আধিপত্য। খুলনা ২৫৩ রানে অলআউট হওয়ার পর বিপদে আছে মোহাম্মদ আশরাফুলের ঢাকাও। ১৭৩ রান তুলতেই ৬ উইকেট নেই তাদের। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকরা ৭ উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শুরু করেছিল। কিন্তু আর মাত্র ১৪ রান যোগ করেই অলআউট হয়ে যায় তারা। এক্ষেত্রে ঢাকার পেসার মাহবুবুল আলম রবীনই (৩/৩৮) রেখেছেন অগ্রণী ভূমিকা। এরপর ঢাকার ব্যাটিংয়েও ভালো কিছু দেখেননি মাঠে বসেই এই ম্যাচ দেখা জাতীয় দলের কোচ জেমি সিডন্স। আগে জাতীয় দলের ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স দেখতেই তিনি সেখানে। কিন্তু অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আবারো বড় ইনিংস খেলতে ব্যর্থ। ৯ রান করে আউট হয়ে যান তিনি। মেহরাব হোসেন জুনিয়রও (২৬) সফল নন। মাহমুদুল্লাহ রিয়াদের (৫১) ফিফটিটা না হলে আরো বিপদেই থাকতে পারতো ঢাকা। তাদের বিপদে ফেলায় অবশ্য জাতীয় দলের বোলারদেরই ভূমিকা বেশি। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান, দু'জনেই ২৭ রান খরচায় নিয়েছেন দুটো করে উইকেট। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ৯ উইকেটে ২৬৪ রান নিয়ে শুরু করা বরিশাল শেষ উইকেটে যোগ করে আরো ২৯ রান। এরপর তাদের বোলাররা তেমন একটা পাত্তাই পাননি স্বাগতিকদের ব্যাটসম্যানদের কাছে। বরং নাফিস ইকবালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিতও পেয়ে গেছে চট্টগ্রাম। ওপেনার গাজী সালাউদ্দিনকে (১৭) দ্রুতই হারালেও নাজিমউদ্দিন (৫৭) ও অধিনায়ক এহসানুল হককে (৪২) সঙ্গে নিয়ে দুটো কার্যকর পার্টনারশিপ গড়া অন্য ওপেনার নাফিস এখনো অপরাজিত। বৃহষ্পতিবার তিনি ব্যাট করতে নামবেন ১১৮ রান নিয়ে। সঙ্গে থাকবেন ফয়সাল হোসেন (৯*)। ফতুল্লা স্টেডিয়ামে আগেরদিন ১০২ রান করে আহত হয়ে অবসর নেওয়া আনিসুর রহমান এদিন বেশিদূর এগুতে পারেননি। ১১৪ রান করে আউট হয়ে যান। তবে তার দল রাজশাহী বহুদূর এগিয়েছে ঠিকই। ৫উইকেটে ২৫৬ রান নিয়ে শুরু করার পর অন্য ব্যাটসম্যানরাও রান দিয়েছেন দলকে। অলরাউন্ডার ফরহাদ রেজা (৫৫) করেছেন ফিফটি। অধিনায়ক খালেদ মাসুদের (৩৩) পাশাপাশি পেসার শাহজাদার (৩২) ব্যাটও হেসে ওঠায় রানচূড়ায় পৌছে যায় রাজশাহী। জবাব দিতে নামা সিলেট ওপেনার কুন্তল চন্দ্রকে শুরুতেই হারালেও আর কোনো বিপর্যয় হতে দেননি অন্য ওপেনার ইমতিয়াজ হোসেন (৬৫*) এবং সাদিকুর রহমান (৯*)। দিনের শেষে ৩৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান তুলেছে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.