হোবার্ট, ১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক দিন যেতে না যেতেই মুত্তিয়া মুরালিধরনের মুখে শেন ওয়ার্ন সম্পর্কে সম্পূর্ণ উল্টো কথা। অস্ট্রেলিয়ার একটি পত্রিকার কলামে ওয়ার্ন লিখেছিলেন সন্দেহ চিরতরে দূর হওয়ার জন্য কোনো টেস্ট ম্যাচে মুরালির বোলিং অ্যাকশন পরীক্ষা করা উচিৎ। বুধবার জনপ্রিয় দৈনিক 'সিডনি মর্নিং হেরাল্ড'-এর সঙ্গে কথা বলার সময় ক্ষুব্ধ-অপমানিত মুরালি সেজন্য ওয়ার্নকে 'এক জন যাচ্ছেতাই মানুষ' বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। বৃহস্পতিবার ওয়ার্ন-মুরালিধরন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে পুরো ব্যাপারটাকে 'ভুল বোঝাবুঝি' হিসাবে উল্লেখ করে শ্রীলঙ্কার স্পিন-জাদুকর মীমাংসার দিকেই যেতে চেয়েছেন।
'সিডনি মর্নিং হেরাল্ডে' করা মুরালির মন্তব্য সত্যি হলে তা শুনে ওয়ার্নেরও ক্ষুব্ধ হওয়ার কথা। ওয়ার্নের বিশ্ব রেকর্ড থেকে ৭ উইকেটের দূরত্বে দাঁড়িয়ে থাকা মুরালি বলেছিলেন, "সে (ওয়ার্ন) যা বলেছে তার জন্য আমি ভীষণ হতাশ। সে তার মুখ বন্ধ রাখতেই পারে না। কারণ সে এসব মন্তব্য করে যেতেই চায়। সে অবশ্যই এক জন যাচ্ছেতাই মানুষ। তবে এটা তার ধারণা এবং এখানে আমার কিছু করার নেই।"
'কিছু করার নেই' বলার পরও চুপ করে থাকেননি সর্বকালের সেরা অফস্পিনার। ওয়ার্নের মন্তব্যের কারণ হিসাবে টেনে এনেছেন রেকর্ডকে, "হয়তো সে চায় না আমি তার রেকর্ডটা ভেঙ্গে দেই। তা না হলে সে এ সব কথা কেন বলেই যাবে? (অনুষ্ঠানে) আমি তার সঙ্গে করমর্দন করবো ঠিকই, কিন্তু তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের চেষ্টা করার বদলে সোজা মাঠে চলে যাব।"
অথচ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের বিজয়ী দলের জন্য নিজেদের নামাঙ্কিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মুরালি বললেন একেবারে উল্টো কথা, "তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। আমি ভেবেছিলাম সে আমার বোলিং অ্যাকশন সম্পর্কে কিছু বলেছে। তার পর তাকে যাচ্ছেতাই মানুষ বলেছি। আমরা নিজেদের মধ্যে কথা বলে সব কিছু মিটিয়ে ফেলেছি। এটা আসলে ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।"
ওয়ার্নও ব্যাপারটাকে হালকাভাবেই নিয়েছেন। স্বভাবসুলভ রসিকতার সুরে বলেছেন, "আজ (বৃহস্পতিবার) সকালেই আমি এ ব্যাপারে মুরালির সঙ্গে কথা বলেছি। আমি যে যাচ্ছেতাই নই তা জানতে পেরে খুবই আনন্দিত। মুরালি বা তার অ্যাকশন কিংবা অন্য কোনো কিছু নিয়ে আমার কোনোই সমস্যা নেই।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.
bdnews24