২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পাকিস্তানকে ভোগালেন অলিভিয়ের

সেঞ্চুরিয়ন টেস্টের আগে ডুয়ানে অলিভিয়েরের পাঁচ উইকেট ছিল না একবারও। এক ম্যাচেই দুইবার পেয়ে গেলেন পাঁচ উইকেট। তার দারুণ বোলিংয়ে পাকিস্তানকে দুইশ রানের নিচে থামিয়ে প্রথম টেস্টে লক্ষ্যটা হাতের নাগালে পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 10:30 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এদিন আর দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামতে পারেনি। জয়ের জন্য তারা পেয়েছে ১৪৯ রানের লক্ষ্য।

৫ উইকেটে ১২৭ রান নিয়ে বৃহস্পতিবার খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে থামে ২২৩ রানে। দ্রুত ফিরেন নাইটওয়াচম্যাচ ডেল স্টেইন। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান টেম্বা বাভুমা ফিরেন ফিফটি ছুঁয়ে। ৮৭ বলে খেলা তার ৫৩ রানের ইনিংস গড়া ৯ চারে।

১৮৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা দুইশ ছাড়ায় কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদার ব্যাটে। রাবাদাকে ফিরিয়ে ৩১ রানের জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি।

দশম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৫৩ বলে পাঁচটি চারে ৪৫ রান করেন ডি কক। তার দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা পায় ৪২ রানের মহামূল্য লিড।

দুই বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও আফ্রিদি নেন চারটি করে উইকেট। অন্য দুটি নেন হাসান আলি।

ফখর জামানের সঙ্গে ৪৪ রানের জুটিতে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ইমাম-উল-হক। দ্বিতীয় উইকেটে শান মাসুদের সঙ্গে গড়েন ৫৭ রানের জুটি।

পাকিস্তান পায় ১ উইকেটে ১০১ রানের দৃঢ় ভিত। ৮ চার ও এক ছক্কায় ৫৭ রান করা ইমামকে বোল্ড করে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন অলিভিয়ের। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি সফরকারীরা। তারা শেষ ৯ উইকেট হারায় ৮৯ রানে।

এক প্রান্ত আগলে রেখেছিলেন মাসুদ। কিন্তু অন্য প্রান্ত কেউ দিতে পারেননি সহায়তা। রানের খাতা খুলতে পারেননি আজহার আলি। দুই অঙ্কে যেতে পারেননি আসাদ শফিক ও বাবর আজম। ম্যাচে দ্বিতীয়বারের মতো শূন্য রানে ফিরেন সরফরাজ আহমেদ।

অসমান বাউন্স যেখানে খুব ভুগিয়েছে ব্যাটসম্যানদের সেখানে বেশ সাবলীল ছিলেন মাসুদ। হারিস সোহেলের চোটে হঠাৎ করেই সুযোগ পেয়ে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ৬৫ রান। ১২০ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা হাঁকানো মাসুদকে থামান স্টেইন।

লোয়ার অর্ডারে আমিরের ১২ আর হাসানের ১১ রানে দুইশ রানের কাছাকাছি যায় পাকিস্তানের সংগ্রহ। আফ্রিদিকে ফিরিয়ে সফরকারীদের গুটিয়ে দেওয়ার সঙ্গে ম্যাচে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন অলিভিয়ের। এই গতিময় পেসার প্রথম ইনিংসে ৩৭ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এবার ৫ উইকেট পেলেন ৫৯ রানে।  

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৮১

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন শেষে ১২৭/৫) ৬০ ওভারে ২২৩ (বাভুমা ৫৩, স্টেইন ২৩, ডি কক ৪৫, মহারাজ ৪, রাবাদা ১৯, অলিভিয়ের ০*; আমির ৪/৬২, হাসান ২/৭০, আফ্রিদি ৪/৬৪, ইয়াসির ০/২৪)

পাকিস্তান ২য় ইনিংস: ৫৬ ওভারে ১৯০ (ইমাম ৫৭, ফখর ১২, মাসুদ ৬৫, আজহার ০, শফিক ৬, বাবার ৬, সরফরাজ ০, আমির ১২, ইয়াসির ০, হাসান ১১*, আফ্রিদি ৪; স্টেইন ২/৩৪, রাবাদা ৩/৪৭, অলিভিয়ের ৫/৫৯, মহারাজ ০/৩৪)