২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির ভেলায় সেমিতে ভারত

রান তাড়ায় সীমিত ওভারের ক্রিকেটে কিংবদন্তির তকমা পাওয়া বিরাট কোহলি এখন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। চাপের ম্যাচে রান তাড়ায় আরও একবার তিনি চেনালেন নিজের জাত। দৃষ্টিনন্দন সব শটে অসাধারণ ধ্রুপদি এক ইনিংসে ভারতকে তুললেন সেমি-ফাইনালে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 09:47 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে মোহালিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শেষ ওভারের প্রথম বলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চারে জিতে যায় ভারত।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের প্রতিপক্ষ ২০১২ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়ায় শুরু থেকেই রান-বলের সমীকরণে পিছিয়ে ছিল ভারত। কিন্তু সেই চাপের ছাপ একটুও দেখা যায়নি কোহলির ব্যাটিংয়ে। ঠাণ্ডা মাথায় টেনে নিয়ে গেছেন দলের ইনিংস। সময় মত একটি-দুটি চারে রানরেটকে যেতে দেননি নাগালের বাইরে। আর প্রয়োজনমত তুলেছেন ঝড়।

শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৯ রান। স্লগ ওভারের অন্যতম সেরা বোলার, আগের ম্যাচেই ৫ উইকেট নেওয়া জেমস ফকনারকে গুঁড়িয়েই ভারতকে জয়ের কাছে নেন কোহলি। টানা তিন বলে মারেন দুই চার ও এক ছক্কা। পরের ওভারে নাথান কোল্টার-নাইলকে চারটি বাউন্ডারিতে কার্যত শেষ করে দেন ম্যাচ। শেষ ওভারের প্রথম বলে মহেন্দ্র সিং ধোনির বাউন্ডারিতে সারা হয় আনুষ্ঠানিকতা।

৯ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৮২ রানে অপরাজিত কোহলি। তার আর সব ইনিংসের মতো এই ইনিংসেও ছিল না পেশি শক্তির প্রদর্শনী বা গা-জোয়ারি ব্যাটিং। ছিল টাইমিং-প্লেসমেন্টের জাদু, খেলেছেন মনোমুগ্ধকর সব শট।

রোহিত-ধাওয়ান-রায়নাদের ব্যর্থতায় শুরু থেকেই ধুঁকছিল ভারত। অষ্টম ওভারে ৪৯ রানে হারায় তারা ৩ উইকেট।

যুবরাজ সিংয়ের সঙ্গে কোহলির ৪৫ রানের জুটিতে পথে ফেরে ভারতীয় ইনিংস। আর কোহলি-ধোনির ৩১ বলে ৬৭ রানের জুটিতে স্বাগতিকরা পৌছে যায় জয়ের ঠিকানায়। জুটিতে ৪৭ রানই করেছেন কোহলি; ১০ বলে অপরাজিত ১৮ ধোনি।

৩৯ বলে অর্ধশত করেছিলেন কোহলি, পরের ১২ বলে ৩২! একাই গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য।

ভারতের লক্ষ্যটা হতে পারত আরও বড়। কিন্তু দুর্দান্ত শুরুটাকে ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

প্রথম ৪ ওভারে রীতিমত টর্নোডো চালিয়েছেন উসমান খাওয়াজা ও অ্যারন ফিঞ্চ। ম্যাচের প্রথম বলেই আশিস নেহরাকে চার মেরে শুরু করেছিলেন খাওয়াজা। পরের ওভারেই জাসপ্রিত বুমরাহকে বাউন্ডারিতে পাঠিয়েছেন ৪ বার।

দ্রুতই আক্রমণে স্পিন আনেন ধোনি। রবিচন্দ্রন অশ্বিনকে টানা দুই ছক্কায় স্বাগত জানান ফিঞ্চ। ৪ ওভারেই অস্ট্রেলিয়ার রান ৫৩। অশ্বিনের প্রথম ওভারে আসে ২২ রান!

পঞ্চম ওভারে নেহরার বেশ বাইরের বল তাড়া করে আউট হন খাওয়াজা (১৬ বলে ২৬)। ঝড়ের পর অস্ট্রেলিয়ার ইনিংস হঠাৎ শান্ত খাওয়াজার বিদায়ে। দ্বিতীয় ওভারে ফিরে অশ্বিন ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে। টুর্নামেন্টে নিজের প্রথম বলেই যুবরাজ সিং তুলে নেন স্টিভেন স্মিথকে।

থিতু হয়ে যাওয়া ফিঞ্চও পারেননি ইনিংসটাকে টেনে নিতে, হার্দিক পান্ডিয়ার বলে আউট হন প্রিয় পুল শটে (৩৪ বলে ৪৩)।

মাঝে ২৮ বলে ৩১ করে ইনিংসের গতি ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংসের শেষ দুই বলে পিটার নেভিলের চার ও ছক্কায় রান স্পর্শ করে ১৬০।

লক্ষ্যটা সহজ ছিল না। কিন্তু কোহলি রান তাড়ায় এমন ছন্দে থাকলে বড় নয় কোনো লক্ষ্যই।