২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আধ ডজন বোল্ড করে রেকর্ড বাংলাদেশের

নিউ জিল্যান্ডের ছয় ব্যাটসম্যানকে বোল্ড আউট করে টি-টোয়েন্টির রেকর্ডে ভাগ বসিয়েছে বাংলাদেশ।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:52 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শনিবার ইডেন গার্ডেন্সে সুপার টেন পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করা নিউ জিল্যান্ডের ৮টি উইকেট নেয় বাংলাদেশ, যার ছয়টিই ছিল বোল্ড। ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান একাই বোল্ড করেছেন ৪ ব্যাটসম্যানকে। বোল্ড করে একটি করে উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও আল আমিন হোসেন।

টি-টোয়েন্টি ক্রিকেট এক ইনিংসে ৬ বোল্ড দেখেছে আর মাত্র দুবার। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথমটি ২০০৯ বিশ্বকাপে; ওভালে স্কটল্যান্ডের ৬ ব্যাটসম্যান বোল্ড হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পরেরটি হয়েছিল বাংলাদেশে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের ৬ ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন নেপালের বোলাররা। এবার সেই তালিকায় দল হিসেবেই নাম উঠল বাংলাদেশের।

বাংলাদেশের আগের রেকর্ড ছিল ৫টি বোল্ড। নিজেদের প্রথম টি-টোয়েন্টিতে ২০০৬ সালে বোল্ড হয়েছিলেন জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যান।

সব মিলিয়ে ইনিংসে ৫ বোল্ড হয়েছে মোট ১২ বার।