২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফটি না পাওয়ার আক্ষেপ নেই সাব্বিরের

প্রথম টি-টোয়েন্টিতে কাছে গিয়েও অর্ধশতক না হওয়ায় আক্ষেপ নেই সাব্বির রহমানের। দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি আক্রমণাত্মক এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 07:28 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সফল রান তাড়ায় ৩৬ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলেছেন সাব্বির। অর্ধশতক মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যপার। কিন্তু গ্রায়েম ক্রেমারকে ছক্কা মারার পরের বলেই পুনরাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েন মিড উইকেটে।

দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানালেন, দলের জয় ভুলিয়ে দিয়েছে তার আউটের আক্ষেপ।

“হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করতে হবে, এ রকম কোনো লক্ষ্য ছিল না আমার। সব সময় চাই দল জিতুক। দলের জয়ে অবদান রাখতে চাই। দলের জন্য ভালো কিছু করাই আমার লক্ষ্য। ফিফটি না হওয়ার আক্ষেপ নেই তাই।”

সাব্বিরের মতে, টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বেশি জরুরি শুরুটা ভালো করা।

“টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরুটা যেন ভালো হয়। যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে শেষটাও ভালো করা যায়। শুরুতে কিছুটা সময় নিলেও পরে পুষিয়ে দেওয়া যায়।”