উপেক্ষিতই থাকলেন ইউনুস-আজমল
পাকিস্তানের ওয়ানডে দলে উপেক্ষিতই থাকলেন ইউনুস খান আর সাইদ আজমল। তবে প্রায় ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার স্বপ্ন পূরণ হতে পারে পাকিস্তানের ফাওয়াদ আলমের। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর আবু ধাবিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান।
২০০৯ সালের জুলাইয়ে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অভিষেকের পর তিনটি টেস্ট খেলে বাদ পড়েন ফাওয়াদ। একই বছরের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত এক বছর ধরে প্রথম শেণির ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবেই টেস্ট দলে জায়গা পেলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে জিম্বাবুয়ের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। সীমিত ওভারের এই দুই সিরিজের জন্যও দল ঘোষণা করেছে দেশটি।
গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপে আশানুরূপ রান করতে না পারায় ওয়ানডে দলে জায়গা হারান ইউনুস। বিশ্বকাপের পর অভিজ্ঞ এই মিডলঅর্ডার ব্যাটসম্যান জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজে পাকিস্তানের হয়ে খেলননি। দেশটির নির্বাচকরা এবারও তাকে বাইরেই রাখলেন।
'বোলিং অ্যাকশন' পাল্টে বাংলাদেশ সফরে আসা সাইদ আজমলের ওপরও আস্থা রাখেননি নির্বাচকরা। বাংলাদেশে ভালো না করায় পাকিস্তানের সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে জায়গা হারিয়েছিলেন তিনি।
এই হারারেতেই হবে ওয়ানডে তিনটি। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১, ৩ ও ৫ অক্টোবর।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল: আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলি, মোহাম্মদ হাফিজ, ফাওয়াদ আলম, আসাদ শফিক, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, রাহাত আলি, জুনায়েদ খান।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: আজহার আলি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, বাবর আজম, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, রাহাত আলি, মোহাম্মদ ইরফান।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, মুখতার আহমেদ, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি (অধিনায়ক), শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মোহাম্মদ ইরফান, বিলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান জুনিয়র।
