মুমিনুলদের বিপক্ষে ধাওয়ান, রায়না, জাদেজারা
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আর ৫০ ওভারের ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ।
বুধবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। আগেও বিভিন্ন সময় ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে ধাওয়ান-চাঁদ দুজনেরই।
গত মাসে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টের পর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ধাওয়ান। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে বাঁহাতি ওপেনারকে দেওয়া হচ্ছে ব্যাটিং অনুশীলনের সুযোগ।
তিন দিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দলে আছেন টেস্ট একাদশে জায়গা হারানো ফাস্ট বোলার বরুণ অ্যারন ও ভারতের টেস্ট-ওয়ানডে দুই দলেই জায়গা হারানো অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
তিন দিনের ম্যাচে দলে আছেন ৫ টেস্ট খেলা ওপেনার অভিনব মুকুন্দ, ৪ টেস্ট খেলা পেসার অভিমন্যু মিথুন। খেলবেন সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে ভারতের সবশেষ টেস্টেই অভিষিক্ত উইকেটকিপার-ব্যাটসম্যান নামান ওঝা।
তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ৫০ ওভারের ম্যাচের স্কোয়াডে সবচেয়ে উল্লেখযোগ্য নাম সুরেশ রায়না। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দলের কর্ন শর্মা, মানিশ পান্ডে, কেদার যাদব, সঞ্জু স্যামসন ও ধবল কুলকার্নির।
১৩ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’। সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও একটি তিন দিনের ম্যাচ। আরেকটি তিন দিনের ম্যাচে প্রতিপক্ষ বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক।
তিন দিনের ম্যাচের ভারত ‘এ’ দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস আইয়ার, বাবা অপরাজিত, নামান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমন্যু মিথুন, বরুন অ্যারন, ঈশ্বর পান্ডে, শেলডন জ্যাকসন।
একদিনের ম্যাচের ভারত ‘এ দল: উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ন শর্মা, রিশি ধাওয়ান, শ্রীনাথ অরবিন্দ, ধবল কুলকার্নি, রাশ কালারিয়া, গুরকিরাত সিং মান।
