আমিরের সঙ্গেই মুক্তি সালমান-আসিফের
স্পট ফিক্সিংয়ের অপরাধে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞা আগামী ১ সেপ্টেম্বর শেষ হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বুধবার জানায়, স্বাধীন দুর্নীতি-দমন ট্রাইব্যুনালের শর্ত মেনে চলায় আগামী ২ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটসহ প্রতিযোগিতামূলক ক্রিকেটে পাকিস্তানের এই তিন ক্রিকেটারের ফিরতে কোনো বাধা থাকছে না।
২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সালমান, আসিফ ও আমিরকে কমপক্ষে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
এর মধ্যে সালমানকে পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পেসার আসিফকে দুই বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সাত বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
পেসার আমিরকে নিষিদ্ধ করা হয় পাঁচ বছরের জন্য। তিনি চলতি বছরের শুরুতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান।
ব্রিটেনের মাটিতে এই অপরাধ করায় সালমান, আসিফ ও আমিরকে কারাভোগও করতে হয়েছিল।
