২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলার শতকে দ.আফ্রিকার জয়

বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া প্রথম ওয়ানডেতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার শতকে প্রথম ওয়ানডেতে অতিথিদের ২০ রানে হারিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার হবে দ্বিতীয় ওয়ানডে।

বুধবার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৪  রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভার ১ বলে ২৮৪ রানে  অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

গত ২৪ মার্চ বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর ম্যাচে ১ বল বাকি থাকতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারায় প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া নিউ জিল্যান্ড। একই রকম উত্তেজনা ছড়ানো ম্যাচে এবার আর শেষরক্ষা করতে পারেনি তারা।

৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নামার আগেই একটা ধাক্কা খায় নিউ জিল্যান্ড। ৪৮তম ওভারে একটি ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে চোট পান মার্টিন গাপটিল। তাই ইনিংস উদ্বোধন করতে পারেননি তিনি।

বদলি উদ্বোধনী ব্যাটসম্যান লুক রনকি ফিরেন ডেল স্টেইনের করা প্রথম ওভারেই। শুরুটা ভালো না হলেও কেন উইলিয়ামসনের (৪৭) সঙ্গে ১০৪ রানের জুটি গড় দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান টম ল্যাথাম।

চার নম্বরে নেমে ২৩ বলে ২৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে ফিরে যান গাপটিল। এক সময়ে অতিথিদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৮ রান। কিন্তু ৮ রানের মধ্যে গাপটিল, গ্রান্ট এলিয়ট ও ল্যাথামের বিদায়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। সর্বোচ্চ ৬০ রান করা ল্যাথামের ৮০ বলের ইনিংসটি গড়া ৪টি চার ও একটি ছক্কায়।
 

১৫৮ রানে ৫ উইকেট হারানো নিউ জিল্যান্ডের আশা বাঁচিয়ে রাখেন দুই অলরাউন্ডার জেমস নিশাম (৪১) ও কলিন মুনরো (৩১)। তাদের ৭১ রানের জুটি ভেঙে দলকে খেলায় ফেরানোর কৃতিত্ব অভিষিক্ত ডেভিড ভিজের।

নাথান ম্যাককালাম (১০), অ্যাডাম মিল্ন (অপরাজিত ১৫) ও মিচেল ম্যাকক্লেনাগান (১৬) এরপরও চেষ্টা করেন কিন্তু দলের হার এড়াতে পারেননি তারা।

দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, স্টেইন, ভার্নন ফিল্যান্ডার ও ভিজে দুটি করে উইকেট নেন। 

এর আগে মর্নে ফন উইকের সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন আমলা। ফন উইকের (১৬) বিদায়ে নবম ওভারে ক্রিজে আসেন রাইলি রুশো। দ্বিতীয় উইকেটে ১৮৫ রানের দারুণ এক জুটি উপহার দেন আমলা-রুশো।

ম্যাকক্লেনাগানের বলে রুশো বোল্ড হলে ভাঙে ৩৩.১ ওভার স্থায়ী জুটি। ৮৯ রান করা রুশোর ১১২ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

২ উইকেটে ২৩১ রানে পৌঁছে যাওয়া দক্ষিণ আফ্রিকা রানের গতি বাড়ানোর জন্য তাকিয়ে ছিল ডি ভিলিয়ার্সের দিকে। কিন্তু হতাশ করেন অধিনায়ক, ৯ বলে ৯ রান করে ফিরে যান তিনি।

এরপর বেশিক্ষণ টেকেননি আমলাও। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে মিলিয়ে ৫০ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান খেলেন ১২৪ রানের চমৎকার এক ইনিংস। এটি তার ২১তম শতক। ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো আমলার ১২৬ বলের ইনিংসটি শেষ হয় মিল্নের বলে বোল্ড হয়ে।

শেষ দিকে দ্রুত উইকেট হারালেও ডেভিড মিলার (১৪), ফারহান বেহারডিন (১৫) ও ভিজে (১৪) দলের সংগ্রহ তিনশ’ পার করেন।

নিউ জিল্যান্ডের মিল্ন ও ম্যাকক্লেনাগান দুটি করে উইকেট নেন।